শেফালির সহযোগিতায় এগিয়ে এসেছে ল্যাবএইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্রগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে পড়ার সুযোগ পাওয়া পাবনার সাঁথিয়া উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থী শেফালি আক্তারের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে ল্যাবএইড।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কার্যালয়ে ল্যাবএইডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম আনুষ্ঠানিকভাবে শেফালির হাতে সহায়তাসংক্রান্ত চিঠি তুলে দেন। এ সময় প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, শেফালির বড় ভাই মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৫ অক্টোবর ‘চিকিৎসক হওয়ার স্বপ্ন অধরা রয়ে যাবে?’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শেফালির পড়াশোনার খরচ বহনের আগ্রহ প্রকাশ করে ল্যাবএইড।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত শেফালি বলেন, ‘পড়াশোনার খরচের জন্য এখন থেকে আমাকে আর ভাবতে হবে না। চিকিৎসক হয়ে আমি সেভাবেই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই।’
পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর সাঁটিয়াকোলা গ্রামে শেফালিদের বাড়ি। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে শেফালি ছাত্র পড়িয়ে ও তাঁতের চড়কা কেটে যা আয় হয়েছে, তা দিয়েই পড়াশোনার খরচ চালিয়েছেন। এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পান তিনি।