বহুজাতিক তেল-গ্যাস উত্তোলনকারী মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশ বিক্রির প্রক্রিয়া শুরুর পরিপ্রেক্ষিতে সিলেট ও মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। চাকরি নিশ্চতকরণসহ কয়েক দফা দাবিতে গতকাল বুধবার শেভরন বাংলাদেশের কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে। মৌলভীবাজারের কালাপুর গ্যাসক্ষেত্রের প্রবেশপথের ফটকের সামনে মানববন্ধন করা হয়। অন্য দাবির মধ্যে রয়েছে বকেয়া পাওনা পরিশোধ, শেভরন বিক্রি হলে পরবর্তী কোম্পানিতে বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের কিসের ভিত্তিতে ও কী পর্যায়ে অধিগ্রহণ করা হবে সে সম্পর্কে নিশ্চয়তা প্রদান। মানববন্ধন চলাকালে মুঠোফোনে বক্তব্য দেন শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. নাসিম আজিম ও সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার আবেদিন।
পরে জানতে চাইলে এস এম শাহরিয়ার আবেদিন প্রথম আলোকে বলেন, ‘শেভরন বিক্রি হয়ে যাচ্ছে। ছয়-সাত মাস আগে শেভরন আমাদের জানিয়েছে এ নিয়ে বাণিজ্যিকভাবে আলোচনা চলছে। আমরা এমপ্লয়িজ ইউনিয়ন গঠন করে চাকরির নিশ্চয়তা সম্পর্কে আলোচনা শুরু করেছি। কিন্তু এখনো আশানুরূপ অগ্রগতি হয়নি। এ কারণে এ কর্মসূচি পালন করা হয়েছে।’
এদিকে সিলেটের লাক্কাতুরা এলাকায় জালালাবাদ গ্যাসক্ষেত্রের সামনে মানববন্ধন করা হয়। দুপুরে এ কর্মসূচি চলাকালে জানানো হয়, এখানে প্রায় ৬০০ বাংলাদেশি নিয়মিত কর্মী আছেন। তাঁরা উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করছেন। কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কর্মচারী প্রতিনিধিরা শেভরন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন মোতাবেক শেভরন কর্তৃপক্ষসহ অন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করে, গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখে শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।