শেভরনকে অর্থ ছাড় না দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারীদের দাবি করা নিট মুনাফার ৫ শতাংশ অর্থ শেভরনকে ছাড় না দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওমর সাদাত। শেভরনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ড. নাঈম আহমেদ।

পরে আইনজীবী ওমর সাদাত প্রথম আলোকে বলেন, সরকারের কাছে শেভরনের পাওয়া আছে। শ্রম আইনে আছে, কর্মকর্তা-কর্মচারীরা নীট মুনাফার ৫ শতাংশ অর্থ পাবেন। ওই পরিমাণ পাওনা অর্থ ছাড় না দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পেট্রোবাংলার প্রতি এ বিষয়ে নির্দেশনা দিতে বলা হয়েছে। তিনি বলেন, জেনহুয়া নামের চীনা এক কোম্পানির কাছে শেভরনের শেয়ার হস্তান্তর প্রক্রিয়াধীন। শেভরন চলে গেলে কর্মকর্তা-কর্মচারীরা নিট মুনাফার ওই অর্থ পাবেন না, এমন আশঙ্কা থেকে ৫৩৯ জন সম্পূরক আবেদনটি করেন। এক প্রশ্নের জবাবে ওমর সাদাত বলেন, ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত ৫৩৯ জনের ৭৬ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া, সঙ্গে প্রযোজ্য সুদ রয়েছে।

শেভরনের আইনজীবী ড. নাঈম আহমেদ প্রথম আলোকে বলেন, আদালত আদেশ দিয়েছেন, শেভরনের নিট মুনাফার পাঁচ শতাংশ যাতে সরকার ধরে রাখে। কেননা শেভরনের কর্মকর্তা-কর্মচারীরা মামলাটি করে নিট মুনাফার পাঁচ শতাংশ পাবেন দাবি করে। শেভরন বলেছে, পাঁচ শতাংশ পাবে না, কারণ ওই আইনের আওতায় পড়ে না। আদালত বলেছেন, যতক্ষণ পর্যন্ত মামলা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত দাবি করা ওই অর্থ (পাঁচ শতাংশ) শেভরনকে না দিয়ে সরকার যাতে নিজের কাছে ধরে রাখে।

আইনজীবী সূত্র বলেছে, শ্রম আইনের ২৩৪ ধারা অনুসারে প্রত্যেক বছর শেষে অনূণ্য নয় মাসের মধ্যে ওই বছরের নিট মুনাফার পাঁচ শতাংশ অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিলে ৮০: ২০ অনুপাতে দেবে। অথচ ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত শেভরন তাদের মুনাফার লভ্যাংশ তার শ্রমিক-কর্মচারীদের দেয়নি উল্লেখ করে শেভরনের ৫৩৯ জন শ্রমিক কর্মকর্তা-কর্মচারী গত ডিসেম্বর রিট করেন।

প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৫ ডিসেম্বর আদালত রুল দেন। শ্রম আইনের বিধান অনুসারে মুনাফার অংশবিশেষ কর্মচারী-কর্মকর্তাদের না দেওয়ায় আইনের ২৩৬ ধারা অনুসারে শেভরনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার সম্পূরক আবেদনটি করা হয়।