শেভরনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইনের বিধান অনুসারে মুনাফার অংশবিশেষ কর্মচারী-কর্মকর্তাদের না দেওয়ায় আইনের ২৩৬ ধারা অনুসারে শেভরন বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এ রুল দেন। শ্রমসচিব, বিদ্যুৎ ও জ্বালানিসচিব, প্রধান কারখানা পরিদর্শক, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, পেট্রোবাংলার চেয়ারম্যান, শেভরন বাংলাদেশের ব্লক ১২ ও ১৩-১৪ সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী সূত্র বলেছে, ২০০৬ সাল থেকে শেভরন মুনাফার অংশ শ্রমিক-কর্মচারীদের দেয়নি উল্লেখ করে প্রতিষ্ঠানের ৫৩৯ জন শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী গতকাল রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওমর সাদাত, আবির আব্বাস চৌধুরী ও আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।