শেভরনের ৩ গ্যাসক্ষেত্র কেনার অনুমতি পেল পেট্রোবাংলা
দেশে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন পরিচালিত তিনটি গ্যাসক্ষেত্রের স্বত্ব কিনে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পেট্রোবাংলার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী এই অনুমোদন দেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
>পেট্রোবাংলা তথা সরকার শেভরনের স্বত্ব কিনলে যে অর্থ লাগবে, তা লগ্নি করার জন্য তিনটি আর্থিক কোম্পানি আগ্রহ দেখিয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, পেট্রোবাংলার আগ্রহের বিষয়টি শিগগিরই শেভরনকে জানানো হবে। এর পরবর্তী প্রক্রিয়া সম্পর্কেও পেট্রোবাংলা প্রস্তুতি শুরু করেছে।
অন্যদিকে, শেভরনের স্বত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় কোম্পানির বিভিন্ন পর্যায় ও স্তরের প্রায় ছয় শ কর্মী চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শেভরনের তিনটি গ্যাসক্ষেত্র থেকেই অনেকেই গণমাধ্যমকর্মীদের কাছে ফোন করে বিষয়টির অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছেন। এমন কয়েকজন কর্মী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী প্রতিবছর কোম্পানির মুনাফার ৫ শতাংশ করে ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ডে দেওয়ার কথা। কিন্তু শেভরন এখন পর্যন্ত এই খাতে কোনো অর্থ দেয়নি। কয়েক সপ্তাহ আগে কোম্পানি থেকে তাঁদের শুধু জানানো হয়েছে, শেভরন ‘বাণিজ্যিক আলোচনা’ চালাচ্ছে। ভালো দাম পেলে কোম্পানির শর্ত হস্তান্তর করা হবে।
এই কর্মীরা বলছেন, শেভরন চলে গেলে চাকরি কিংবা দেনা-পাওনার বিষয় নিয়ে তাঁরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এর আগে ইউনোকলের স্বত্ব কিনে শেভরন যখন এল, তখন ইউনোকলের প্রায় সব কর্মীকেই তারা রেখে দেয়। কিন্তু এরপর যে কোম্পানি আসবে, তারা কী কৌশল নেবে, তা নিশ্চিত নয়। সাধারণ প্রক্রিয়া হচ্ছে, শেভরনের উত্তরাধিকার হিসেবে যে কোম্পানি আসবে, তার ওপরই সব কর্মীর দায়দায়িত্ব বর্তাবে। সে ক্ষেত্রে নতুন কোম্পানি লোকবল কমাতে চাইলে সেই কোম্পানির নিয়ম অনুযায়ীই ছাঁটাই করবে। শেভরনের নিয়ম তারা না-ও মানতে পারে।
নসরুল হামিদ বলেন, পেট্রোবাংলা তথা সরকার শেভরনের স্বত্ব কিনলে যে অর্থ লাগবে, তা লগ্নি করার জন্য তিনটি আর্থিক কোম্পানি আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে একটি চীনের, একটি ভারতের ও অপরটি হংকংয়ের।
উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় শেভরন হবিগঞ্জের বিবিয়ানা, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজারের মৌলভীবাজার গ্যাসক্ষেত্র পরিচালনা করছে। এই তিনটির বিষয়েই পিএসসি সই হয় ১৯৯৫ সালে। জালালাবাদ ক্ষেত্রটি বাপেক্সের আবিষ্কৃতই ছিল। তাই পিএসসি সই হওয়ার পরই শেভরন সেখানে উৎপাদনের প্রক্রিয়া শুরু করে এবং ১৯৯৯ সালে প্রথম উৎপাদন শুরু করে।
শেভরন ১৯৯৮ সালে বিবিয়ানা এবং ১৯৯৯ সালে মৌলভীবাজার গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। এর মধ্যে বিবিয়ানায় ২০০৭ সালে এবং মৌলভীবাজারে ২০০৫ সালে উৎপাদন শুরু করে। ২০১৪ সালে বিবিয়ানায় সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তাতে দৈনিক ৩০ কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ে।