নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীনারায়ণ কটন মিলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের যোগ দিতে নিট কনসার্নের মালিক জয়নাল মোল্লার ক্যাডারদের বিরুদ্ধে বাধা দেওয়া ও হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে শেয়ারহোল্ডাররা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সম্মেলনকক্ষে বার্ষিক সাধারণ সভা মুলতবি ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা। এদিকে সভা শেষে ফেরার পর নগরের গোদনাইলে অবস্থিত লক্ষ্মীনারায়ণ কটনমিলের ফটকে জয়নাল মোল্লার ছোট ভাই মনির হোসেন সাধারণ শেয়ারহোল্ডারদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনেকক্ষে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে শেয়ারহোল্ডারদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের বৈঠক হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজানুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম, অতিরিক্ত পিপি ফজলুর রহমান, নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লা ও লক্ষ্মীনারায়ণ কটনমিলস লিমিটেড শেয়ারহোল্ডার স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহম্মদ হোসেন। জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা সাংবাদিকদের জানান, যে পক্ষ ৩৮২টি শেয়ার কিনেছে, জয়েন্ট স্টক কোম্পানি থেকে তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে আরও বিচার-বিশ্লেষণের প্রয়োজন আছে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। এ জন্যই মিলের বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
নিট কনসার্ন গ্রুপের কর্ণধার জয়নাল আবেদিন মোল্লা দাবি করেন, তিনি বৈধভাবেই মিলের বেশিসংখ্যক শেয়ার কিনেছেন। সভা শেষে বের হয়ে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ জানান, নিট কনসার্ন গ্রুপের মালিকপক্ষ বৈধতা দেখাতে পারেনি। এ জন্য জেলা প্রশাসক এজিএম স্থগিত করেছেন।
শেয়ারহোল্ডারদের সভায় যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা সাংবাদিকদের জানান, সভায় আসতে শেয়ার হোল্ডারদের বাধা দেওয়ার অভিযোগ কেউ করেনি।