শের-ই-বাংলা মেডিকেলে ল্যাসিক চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে স্থাপন করা ল্যাসিক যন্ত্রটি চালু করা হয়েছে। অত্যাধুনিক এ যন্ত্রের সাহায্যে ইতিমধ্যে এই হাসপাতালে শুরু হয়েছে চোখের ল্যাসিক চিকিৎসা। ব্যয়বহুল এ চিকিৎসা বর্তমানে বিনা খরচে পাচ্ছে এ অঞ্চলের মানুষ।
গত বছরের ২৯ জুন ১১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে যন্ত্রটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা হয়। কিন্তু আনুষঙ্গিক যন্ত্র ও দক্ষ জনবল না থাকায় এটি চালু করা সম্ভব হয়নি। ঢাকার বাইরে দেশে এই প্রথম অত্যাধুনিক ল্যাসিক যন্ত্র স্থাপন করা হয়েছে।
ল্যাসিক হচ্ছে মানুষের চোখে আলোর প্রতিসরণজনিত দূরদৃষ্টি ত্রুটিকে লেজার প্রযুক্তির মাধ্যমে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার অত্যাধুনিক পদ্ধতি। এখন চশমা পরা বাদ দিতে অনেকেই ল্যাসিকের দিকে ঝুঁকছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ও হাসপাতালের পরিচালক নিজাম উদ্দিন ফারুকের চেষ্টায় ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ল্যাসিক যন্ত্রে চিকিৎসা। এদিন ও পরের দিন মোট ২৮ জনকে বিনা খরচায় চিকিৎসা দেওয়া হয়েছে। ল্যাসিক চিকিৎসায় নেতৃত্ব দেন ভারতের চক্ষুবিশেষজ্ঞ অনুজ কুমার সিং। তাঁকে সহযোগিতা করেন চিকিৎসক নিজামউদ্দিন ফারুক ও মো. শফিকুল ইসলাম।
সাধারণত দূরদৃষ্টি সমস্যায় ভোগা রোগীরা মোটা লেন্সের চশমা ব্যবহার করে। ল্যাসিক চিকিৎসা করলে তঁাদের চশমার প্রয়োজন হবে না।
সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, অত্যাধুনিক ল্যাসিক যন্ত্রে চিকিৎসা নিতে খরচ হয় ১ লাখ ১০ হাজার টাকা। বরিশাল হাসপাতালে স্থাপন করা যন্ত্রটি অত্যাধুনিক। আপাতত মাসে এক দিন বা দুদিন এই সেবা দেওয়া হবে। আগে থেকে নাম অন্তর্ভুক্ত করে রাখা রোগীদের পর্যায়ক্রমে সেবা দেওয়া হবে।
হাসপাতালের পরিচালক নিজামউদ্দিন ফারুক বলেন, আপাতত বিনা খরচে হলেও পরবর্তী সময়ে সরকার একটা নামমাত্র মূল্য নির্ধারণ করবে।