শের বাহাদুর, ধোলাই সুন্দরী ও ফুল সুন্দরী এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শের বাহাদুর, ধোলাই সুন্দরী ও ফুল সুন্দরী এখন রাজধানীতে। ছবি মানসুরা হোসাইন
শের বাহাদুর, ধোলাই সুন্দরী ও ফুল সুন্দরী এখন রাজধানীতে। ছবি মানসুরা হোসাইন

শের বাহাদুর, ধোলাই সুন্দরী ও ফুল সুন্দরী। সিলেটের মৌলভীবাজার থেকে তারা রাজধানীতে এসেছে। এই ‘তিনজন’ একই পরিবারের হাতি। বাবা-মেয়ে-মা। কাল বৃহস্পতিবার অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের র‍্যালিতে যোগ দেবে তারা।
আজ বুধবার তারা অবস্থান করছে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলা যেখানে হয়) একটি আম গাছের নিচে। তাদের পা লোহার শিকল দিয়ে বাঁধা। সামনে রাখা কলা গাছ খাচ্ছে। আর সুযোগ পেলেই যে গাছের সঙ্গে বাঁধা সেই আম গাছের ডাল ভেঙে খাচ্ছে। রাজধানীতে তিনটি হাতিকে একসঙ্গে পেয়ে দর্শকও জমে গেছে।

আমগাছের ডাল ভেঙে খাচ্ছে এক হাতি। ছবি মানসুরা হোসাইন
আমগাছের ডাল ভেঙে খাচ্ছে এক হাতি। ছবি মানসুরা হোসাইন


আজ দুপুরে কথা হয় হাতিদের মাহুত মুয়িদ আলীর সঙ্গে। মৌলভীবাজারের কুলাউড়া থেকে ট্রাকে করে মুয়িদ ও হাতিরা এসেছে। ফলে হাতিদের হাবভাবে মনে হলো তারা ক্লান্ত এবং বিরক্ত।
মুয়িদ এবারই প্রথম ঢাকায় এসেছেন। তিনি শুধু জানালেন, কাল সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর একটি অনুষ্ঠান আছে। তিনিই হাতির মালিকের কাছ থেকে হাতি এনেছেন। এ বাবদ কত খরচ হয়েছে বা কে খরচ দিয়েছে তা তিনি জানেন না। মুয়িদ বলেন, ‘মালিক কইছে আসতে, আসছি। আমি বেতনভুক্ত কর্মচারী। আর কিছু জানি না।’ তাঁর কাছে আছে মন্ত্রীর সই করা চিঠি এবং যোগাযোগের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের দুজনের নাম ও টেলিফোন নম্বর।
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সই করা চিঠিতে লেখা হয়েছে, মৌলভীবাজার থেকে তিনটি পোষা হাতি ঢাকায় প্রেরণ করা হবে। ৩১ মার্চ সকালে ট্রাকে করে এই হাতি ঢাকায় যাবে। মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়া এবং মৌলভীবাজার পর্যন্ত পৌঁছা পর্যন্ত যাতে ব্যবস্থা নেওয়া হয়। সেই চিঠির নিচে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুল আলম এবং মিরপুর শিশু পরিবারের আব্দুল কাদেরের নাম ও টেলিফোন নম্বর হাতে লেখা রয়েছে।

দর্শকেরা বাবা, মা ও মেয়ে হাতির কাণ্ডকারখানা দেখছেন। ছবি মানসুরা হোসাইন
দর্শকেরা বাবা, মা ও মেয়ে হাতির কাণ্ডকারখানা দেখছেন। ছবি মানসুরা হোসাইন

আজ সন্ধ্যায় আব্দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘রাতে হাতিদের মন্ত্রীর বাসায় রাখার কথা। সেখানেই তাদের কালকের অনুষ্ঠানের জন্য সাজানো হবে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।’
এবারের অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা একীভূত সমাজ গঠনে শুভ বারতা।’ সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবার যৌথভাবে দিবসটি পালন করছে। কাল দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। দিবসটি উদ্‌যাপনের জন্য আহ্বায়ক কমিটি, বাজেট কমিটি, র‍্যালী কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটি দায়িত্ব পালন করছে। তবে এই হাতি আনতে কত টাকা খরচ হয়েছে তা কেউ বলতে পারেননি।

মাহুত মুয়িদ আলী হাতিদের যত্ন নিচ্ছেন। ছবি মানসুরা হোসাইন
মাহুত মুয়িদ আলী হাতিদের যত্ন নিচ্ছেন। ছবি মানসুরা হোসাইন


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনও দিবসটি পালনের আনুষ্ঠানিকতার সঙ্গে যুক্ত। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে বলেন, ‘কালকের র‍্যালিতে হাতি, ঘোড়ার গাড়ি সবই থাকবে। এসব আনুষ্ঠানিকতা দিবসের বাজেট থেকে এবং কিছু স্পনসর থেকে সম্পন্ন করা হয়। যত দূর জানি হাতি মন্ত্রী নিজ উদ্যোগে এনেছেন। জাঁকজমকভাবে র‍্যালী করার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা। বিশাল কর্মযজ্ঞ দেখলে মানুষের কৌতূহল বাড়বে। “অটিজম কাকে বলে”সহ অন্যান্য বিষয়ে তখন জনগণ জানতে চাইবে।’