শেরপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে
যানবাহনে অগ্নিসংযোগ ও ট্রাকচালককে পুড়িয়ে হত্যার মামলায় বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমানসহ দলটির চার নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
অপর তিনজন হলেন গাড়িদহ ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক এবং ওই ইউনিয়ন জামায়াতের দুই কর্মী খোরশেদ আলম ও রেজাউল করিম। বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-৪ আবদুল্লাহ আল মামুন গতকাল সোমবার এ নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর দেশজুড়ে জামায়াতে ইসলামী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের দশমাইল এলাকায় সারবাহী একটি ট্রাকে ভাঙচুর করে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এতে ট্রাকচালক বগুড়ার গন্ডগ্রামের সামছুল হক ও তাঁর সহকারী শাহিনুর রহমান পুড়ে যান। পরে সামছুল মারা যান।
এ ঘটনায় দবিবুরসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আসামিরা এত দিন হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।