শেরপুর ও পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশসহ নিহত ৯

বগুড়ার শেরপুর ও রংপুরের পীরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশের পাঁচ সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। পুলিশের সদস্যরা কুড়িগ্রাম জেলায় কর্মরত ছিলেন।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের মহিপুর বাজার এলাকায় গত শনিবার দিবাগত রাত সোয়া একটায় সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পুলিশ সদস্যদের বহনকারী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ সাতজন নিহত হন। পুলিশের নিহত পাঁচ সদস্য হলেন নীলফামারীর ডোমার উপজেলার চিতলমাটি গ্রামের শাহজাহান কবির, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনশ্যাম গ্রামের প্রণব চন্দ্র রায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোকন্দপুর গ্রামের আলমগীর হোসেন, ফুলছড়ি উপজেলার উদার মানিক গ্রামের সোহেল রানা ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার শামসুল হক। ওই ঘটনায় নিহত অপর দুজন হলেন কুড়িগ্রাম জেলা পুলিশ কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী শ্যামল কুমার দাস ও ট্রাকচালক আবদুর রহমান। শ্যামলের বাড়ি কুড়িগ্রাম শহরের হাসপাতালপাড়ায় এবং আবদুর রহমানের বাড়ি রংপুর শহরের কোতোয়ালিপাড়ায়।
কুড়িগ্রামের এসপির কার্যালয় সূত্র জানায়, বগুড়া পুলিশ লাইনসে আনুষ্ঠানিকতা শেষে নিহত পুলিশ সদস্যদের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দুর্ঘটনায় আহত ছয়জনের মধ্যে তিনজন পুলিশের সদস্য।অপর আহত তিনজনের একজন সারবাহী
ট্রাকের চালক ফজলু মোল্লা (৪৫)। তাঁর বাড়ি পাবনার আমিনপুর থানার বসন্তপুর গ্রামে। আহত ওই দুই ট্রাকের চালকের সহকারীর পরিচয় গতকাল বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন উপজেলা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ সদস্যরা। দুর্ঘটনায় উভয় ট্রাকের চালকের কেবিনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, বগুড়াগামী সারবাহী ট্রাকটি বেপরোয়াভাবে চালানোর কারণে পুলিশ বহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত সারবোঝাই ট্রাকের চালক আটক করে পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সহকারী উপপরিদর্শক রুবেল চৌধুরী বাদী হয়ে গতকাল ট্রাকচালক ফজলু মোল্লাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
রুবেল চৌধুরী বলেন, পুলিশের রিকুইজিশন করা ওই ট্রাকে করে কুড়িগ্রাম বেতার ও জেলা পুলিশের সদস্যরা সরকারি প্রয়োজনীয় মালামাল আনতে ঢাকায় যাচ্ছিলেন।
এদিকে, রংপুরের পীরগঞ্জ উপজেলার মজিদপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে দুটি ট্রাকই উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ ঘটনায় নিহত দুজনই ট্রাক দুটির চালকের সহকারী। তাঁরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হাতিবান্ধা এলাকার সাইফুল ইসলামের ছেলে হাসান আলী (২৫) ও লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপটানা এলাকার আবদুস সামাদের ছেলে আলম ইসলাম (২২)।
বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই রংপুরগামী একটি ট্রাক বিকল হলে চালক সেটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখেন। চালক তাঁর সহকারীকে রেখে মিস্ত্রি আনতে রংপুর শহরে যান। চালকের সহকারী ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা ইউরিয়া সারবোঝাই অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেন। এ সময় দুটি ট্রাকই উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুটি ট্রাকের চালকের সহকারী নিহত হন। তবে সারবোঝাই ট্রাকের চালক আগেই ট্রাক থেকে নেমে পালিয়ে যান।