শেরপুরের নকলায় পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে গত সোমবার এক ব্যক্তিকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে অপর এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
দণ্ড পাওয়া দুজন হলেন নকলা পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকার মো. সোহাগ (২৬) ও মধুপুর পৌরসভার পোদ্দারবাড়ী এলাকার আক্তার হোসেন (৩০)।
গত সোমবার বিকেলে ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. সামছউদ্দিন মুন্না সোহাগকে দণ্ড দেন। গত সোমবার সন্ধ্যায় তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সোহাগ নিবন্ধনবিহীন মোটরসাইকেল নিয়ে নকলা শহরে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে নকলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সামছউদ্দিন মুন্না তাঁকে দণ্ডবিধির ১৮৬ ও মোটর যান অধ্যাদেশের ১৩৮ ও ১৫২ ধারায় অভিযুক্ত করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। নির্বাহী হাকিম সামছউদ্দিন দণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, গতকাল দুপুর ১২টার দিকে পোদ্দারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে টাকা বিতরণের সময় আক্তারকে আটক করা হয়। পরে তাঁকে নির্বাহী হাকিম নূরে তাজনিমার আদালতে হাজির করা হয়। আদালত আক্তার হোসেনকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। তাঁকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।