শেরপুর ও মিরসরাইয়ে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন এবং চট্টগ্রামের মিরসরাইয়ে একজন নিহত হয়েছেন।

এ নিয়ে গত ১৫৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১ হাজার ৫৮৭ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় গতকাল দুপুরের দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই বাসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি এলাকার আবদুল জলিল (৬৫) এবং একই উপজেলার ধর্মপুর গ্রামের নুরুন্নবীর ছেলে লিটন (২৯)। গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয়জনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার রায়পুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করেছে। সকালে মহাসড়কে নিয়মিত টহলের সময় রায়পুর এলাকায় লাশটি দেখতে পায় পুলিশ।

অপর এক দুর্ঘটনায় মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় গাইবান্ধা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহকারীসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন মাজেদা খাতুন (৩৫), জমিলা খাতুন (৫০) ও নুর বানু (৭০)।