শেরপুর কারাগারে গত শনিবার রাতে জুয়েল মিয়া নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশের মারপিটে তাঁর মৃত্যু হয়েছে।
জুয়েল (৩০) শেরপুর শহরের নবীনগর এলাকার মো. নুরউদ্দিনের ছেলে। তিনি শহরের নবীনগর এলাকার বাস টার্মিনালের একজন শ্রমিক ছিলেন। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মেহেদী হাসানের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
কারাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন বলেন, সদর থানার একটি মাদক মামলার আসামি হিসেবে ১০ ফেব্রুয়ারি শেরপুরের বিচারিক হাকিম আদালত জুয়েল মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ওই দিনই তাঁকে কারাগারে আনা হয়। প্রস্রাবের জটিলতায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৩ ফেব্রুয়ারি রাতে তাঁকে কারাগার থেকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শেরপুর সদর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এদিকে নুরউদ্দিন গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেন, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্বপরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে তাঁর ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং বেদম মারপিট করে গুরুতর জখম করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ বলেন, অভিযোগটি খতিয়ে দেখাতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে।