শেরপুর কারাগারের অপ্রীতিকর ঘটনায় তদন্ত কমিটি
শেরপুর জেলা কারাগারে সংঘটিত অপ্রীতিকর ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। কমিটির প্রধান করা হয়েছে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আবদুল জলিলকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার সুরাইয়া আখতার ও কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বাহার উদ্দিন।
ঘটনা তদন্ত করতে কাল শনিবার শেরপুরে আসছে তদন্ত কমিটি। জেলা প্রশাসক (ডিসি) ও জেলা হাকিম (ডিএম) এ এম পারভেজ রহিম আজ শুক্রবার রাতে তদন্ত কমিটির শেরপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে শেরপুর জেলা কারাগার প্রাঙ্গণে কারারক্ষীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই কারারক্ষীসহ তিনজন আহত হন। এঁরা হলেন কারারক্ষী মো. আবু জাফর ও সেলিম মোল্লাহ এবং স্থানীয় শ্রমিক নেতা মো. আলমগীর হোসেন ওরফে বিষু ড্রাইভার। এ ঘটনায় শেরপুরের জেল সুপার মো. মজিবুর রহমান বাদী হয়ে বিষু ড্রাইভারসহ ৮ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা হওয়ার চার দিন পর গত ৩ অক্টোবর সোমবার বিষু ড্রাইভারের স্ত্রী শান্তি বেগম বাদী হয়ে জেল সুপার মজিবুর রহমান ও প্রধান কারারক্ষী বাবুল মিয়াসহ ১৭ কারারক্ষীকে আসামি করে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আরেকটি পাল্টা মামলা দায়ের করেন। বর্তমানে জেল সুপারের দায়ের করা মামলায় বিষু ড্রাইভার জেলা কারাগারে আটক রয়েছেন।