শেরপুর গভীর রাতেও জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর শহরের বিপণিবিতানগুলোতে ঈদের পছন্দের পোশাক কেনার জন্য ভিড় করেছে ক্রেতারা। নয়আনী বাজার এলাকার একটি দোকান থেকে তোলা ছবি l প্রথম আলো
শেরপুর শহরের বিপণিবিতানগুলোতে ঈদের পছন্দের পোশাক কেনার জন্য ভিড় করেছে ক্রেতারা। নয়আনী বাজার এলাকার একটি দোকান থেকে তোলা ছবি l প্রথম আলো

ঈদ যত ঘনিয়ে আসছে, শেরপুরে ঈদের কেনাকাটাও তত জমে উঠছে। শেরপুর জেলা শহরের সব বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে পড়া ভিড়। ঈদ সামনে রেখে শহর আর গ্রামাঞ্চলের মানুষের পদচারণে পুরো শহর এখন উৎসবমুখর। ক্রেতাদের আকর্ষণে শপিং মলগুলো সাজানো হয়েছে বাহারি ডিজাইনের পোশাকের পসরা দিয়ে। প্রতিদিনই গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
গত রোববার দুপুরে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কে অবস্থিত তৈরি পোশাকের দোকান এবং নয়আনী বাজার এলাকায় অবস্থিত কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক ক্রেতা কেনাকাটা করছেন। শিশু, নারী, তরুণ ও তরুণীরা ঈদ উপলক্ষে আসা পোশাক দেখছেন। নারী ক্রেতাদের উপস্থিতি ছিল বেশি। এবার ঈদবাজারে মহিলা ক্রেতারা কিনছেন ভারতে তৈরি শ্যামুসিল্ক, কাতান, রাজগুরু, সেমিন, দেশে তৈরি ঢাকাইয়া জামদানি, টাঙ্গাইলের তাঁত ও সুতির নকশি শাড়ি। তরুণীরা কিনছেন বোম্বে বুটিকস, মলুয়া, অরগ্যান্ডি, সারারা, কিরণমালা, বজ্রমালাসহ ভারতীয় চ্যানেলে প্রদর্শিত বিভিন্ন ধারাবাহিকের নামের থ্রি-পিস। শিশু ক্রেতাদের আগ্রহ দেখা গেছে ফতুয়ায়। পুরুষ ক্রেতারা কিনছেন জিনসের প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পায়জামা-পাঞ্জাবি।
নয়আনী বাজারের একটি অভিজাত বস্ত্র বিপণিতে কেনাকাটা করতে আসা সজবরখিলা এলাকার গৃহবধূ ফৌজিয়া জাহান বলেন, এবারের ঈদবাজারে প্রায় সব দোকানে পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলক কম।শহরের পরিমল বস্ত্রালয়ের মালিক সুমন সাহা বলেন, এবারের ঈদের বেচাকেনা খুব ভালো। বর্তমানে ৪ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে ভালো শাড়ি, ১ হাজার থেকে ১০ হাজারের মধ্যে থ্রি-পিস পাওয়া যাচ্ছে। তবে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা দামের শাড়ি বেশি চলছে। তাঁর দোকানে নারী ক্রেতাদের ভিড় বেশি বলে তিনি জানান।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, প্রশাসনের নির্বাহী হাকিমেরা শহরের একদরের কাপড়ের দোকানগুলো একাধিকবার পরিদর্শন করেছেন এবং ঈদকে কেন্দ্র করে গ্রাহকদের যাতে কোনোভাবেই প্রতারিত না করা হয়, সে জন্য বস্ত্র ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন।