শেরপুর চেম্বারের বাস থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার
শেরপুর-ঢাকা পথে চলাচলকারী শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি বাসে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসের চালক মো. খলিলুর রহমান, তত্ত্বাবধায়ক মো. আবদুস সালাম, চালকের সহকারী মো. আশরাফুল ইসলাম ও মো. বাবু মিয়া। তাঁদের গতকাল রোববার শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের রঘুনাথ বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই বাসে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়ির একটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের গায়ে প্রাপকের নাম লেখা ছিল, ‘মুরাদ ভাই, শেরপুর’। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।অধিদপ্তরের শেরপুর জেলা পরিদর্শক মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শেরপুর চেম্বারের বাসে মাদকদ্রব্য পাচার করা হয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে তাঁরা বাসটিতে অভিযান চালান। এ ঘটনায় ইয়াবা বড়ির প্রাপক মুরাদসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা হয়েছে। চেম্বারের বাসটিও আটক করা হয়েছে।