শেরপুর জেলা ও দায়রা জজের আদালত বর্জনের সিদ্ধান্ত
আইনজীবীদের সঙ্গে চরম অসদাচরণ এবং পক্ষপাতমূলক বিচারকাজের প্রতিবাদে শেরপুরের জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলমের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে শেরপুর জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি চন্দন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ, জ্যেষ্ঠ আইনজীবী আবদুল কাদের খান, এ টি এম জাকির হোসেন, এ কে এম ছাইফুল ইসলাম, নারায়ণ চন্দ্র হোড়, নূরুল ইসলাম, মুখলেছুর রহমান আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম আধার প্রমুখ।সভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শেরপুরের আইনজীবীদের সঙ্গে জেলা ও দায়রা জজ অসৌজন্যমূলক আচরণ এবং কতিপয় আইনজীবীর সঙ্গে একাত্ম হয়ে পক্ষপাতমূলকভাবে বিচারকাজ পরিচালনা করে আসছেন। এতে বিচারপ্রার্থী জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ গতকাল বলেন, আজ বুধবার থেকে জেলা ও দায়রা জজের আদালত বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।আইনজীবীদের অভিযোগ অস্বীকার করে শেরপুরের জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলম বলেন, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না।শেরপুরের জেলা জজের বিরুদ্ধে একই অভিযোগে শেরপুর জেলা সম্মিলিত আইনজীবী পরিষদের উদ্যোগে গত ২৮ আগস্ট জজ কোর্ট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।