শেরপুর ডিগ্রি কলেজে ২৭ বছর পর শহীদ মিনার
ধসে পড়ার ২৭ বছর পর বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজ চত্বরে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গত শনিবার দুপুরে এই নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান।কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে কলেজের পশ্চিম পাশে নিমগাছের তলায় প্রথম একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এটি ধ্বংস করে দেয়। পরবর্তী সময়ে ১৯৭৪ সালে কলেজ চত্বরের উত্তর পাশে নতুন করে নির্মাণ করা হয় শহীদ মিনার। কিন্তু সংস্কারের অভাবে ১৯৮৫ সালে সেটি ধসে পড়ে।কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বলেন, প্রায় তিন লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে নতুন এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। সাংসদ হাবিবর রহমানের সহযোগিতায় নতুন করে শহীদ মিনার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। শহীদ মিনার উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্র শাহজামাল সিরাজী, প্রভাষক আবদুল মান্নান, রেজাউল করিম প্রমুখ।