শেরপুর থেকে বাস চলাচল বন্ধ ছয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জের ধরে ছয় দিন ধরে শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত ১৫ মে থেকে সড়কপথে এ অচলাবস্থা চলছে। তবে জেলার অভ্যন্তরীণ পথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিবহন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী একটি কোম্পানির বাস চলাচলকে কেন্দ্র করে শেরপুরের সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দিন আগে বাস কোচ মালিক সমিতি ও পরিবহনশ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত ১৫ মে থেকে পরিবহন মালিকপক্ষ শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন। এর ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজার গ্রামের তৈরি পোশাক কারখানার কর্মী আরিফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার বিকেলে মহাখালী বাস টার্মিনালে গিয়ে তিনি শেরপুরে আসার কোনো বাস পাননি। ফলে প্রথমে মহাখালী থেকে ময়মনসিংহ, এরপর ময়মনসিংহ থেকে নকলা এবং নকলা থেকে অটোরিকশায় মঙ্গলবার গভীর রাতে তিনি শেরপুর এসে পৌঁছান। এতে শেরপুর আসতে স্বাভাবিক সময় পাঁচ ঘণ্টার পরিবর্তে সাত ঘণ্টা সময় লেগেছে। সেই সঙ্গে চরম ভোগান্তির শিকার হয়েছেন তিনি।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে পরিবহন খাতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সুষ্ঠু ও দ্রুত সমাধান চেয়ে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমানের কাছে অনুরোধ জানানো হয়েছে।
জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, হুইপ আতিউর অচলাবস্থা অবসান করতে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করার আশ্বাস দিয়েছেন। আশা করা যায় শিগগির বিষয়টির সুরাহা হবে।