শেরপুর-নালিতাবাড়ী সড়কটি তিন বছর ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩০০ মিটার সড়কের সংস্কারের কাজ শেষ না হওয়ায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ তিন বছর ধরে বন্ধ রয়েছে। এতে এ উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ নয় কিলোমিটার ঘুরে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কলসপাড় ইউনিয়নের কৃষকেরা। তাঁরা জমিতে উৎপাদিত কৃষিপণ্য যথাসময় হাট-বাজারে পাঠাতে পারছেন না। এলাকাবাসী জানান, নালিতাবাড়ী-শেরপুর ভায়া গাজীরখামার সড়কের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকার ৩০০ মিটার সড়ক ২০০৭ সালে টানা বর্ষণ ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়। একই কারণে এ সড়কের উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় সেতুটি দেবে যায়। সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে ২০০৮ সালে। কিন্তু বিধ্বস্ত ৩০০ মিটার সংস্কারের কাজ শেষ না হওয়ায় তিন বছর ধরে নালিতাবাড়ী থেকে গাজীরখামার হয়ে জেলা সদর শেরপুরের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নালিতাবাড়ী-শেরপুর ভায়া গাজীরখামার সড়কের ওই ৩০০ মিটার সংস্কারের জন্য ৪৮ লাখ ২৯ হাজার ৬৬৫ টাকা বরাদ্দ দেয়। চলতি জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার তা করতে পারেননি। এতে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এলাকাবাসী জানান, নালিতাবাড়ী উপজেলা থেকে দুটি সড়ক দিয়ে জেলা সদরে যাওয়া যায়। এর মধ্যে প্রধান সড়ক নালিতাবাড়ী-তিনানীবাজার হয়ে শেরপুর সড়ক দিয়ে নালিতাবাড়ী থেকে জেলা সদরের দূরত্ব ২৭ কিলোমিটার। অন্যদিকে নালিতাবাড়ী-শেরপুর ভায়া গাজীরখামার সড়ক দিয়ে এ দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। কিন্তু এ সড়কের বিধ্বস্ত অংশের কাজ না হওয়ায় স্থানীয় লোকজনকে অতিরিক্ত নয় কিলোমিটার ঘুরে জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। গোল্লারপাড় গ্রামের কৃষক রইস উদ্দিন অভিযোগ করে বলেন, ‘এহন সড়কের লাইগা আমগর নতুন কইরা দুর্ভোগ পোহাইতে অইবো।’কলসপাড় ইউনিয়নের কৃষক হাবিরুল ইসলাম বলেন, ‘এই কাজ না হওয়ায় মানুষের প্রতিদিন আনেক কষ্ট অয়। মালপত্র মাথায় নাইলে ঘাড়ে কইরা নিতে অয়। যত তাড়াতাড়ি কাজ শেষ অইবো তত তাড়াতাড়ি মানুষের কষ্ট কমবো।’সড়ক সংস্কার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আক্রাম এন্টারপ্রাইজের পক্ষে ঠিকাদার আবদুল ওয়াহাব বলেন, ‘নদীর পানি কমায় গত সপ্তাহে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।’ উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, দ্রুত কাজ শেষ হলে সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।