শেরপুর পলিটেকনিকে আন্দোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সকালে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং চলমান পরীক্ষা বর্জন করেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ইনস্টিটিউটের কম্পিউটার প্রকৌশল বিভাগের অষ্টম পর্বের (সেমিস্টার) ছাত্র মো. আবদুল্লাহ আল মাসুদসহ একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, অধ্যক্ষের নানা অনিয়মের বিষয়ে তাঁরা জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমানের কাছে আজ শনিবার স্মারকলিপি দেবেন। এ ছাড়া অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত তাঁদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, গতকাল ছুটির দিন থাকায় তিনি ইনস্টিটিউটে যাননি। তবে পরিবেশ প্রকৌশল বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি দাবি করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি তাঁদের পছন্দমতো কোনো অধ্যক্ষকে এ ইনস্টিটিউটে নিয়ে আসতে পারেন, তবে তিনি এখান থেকে চলে যাবেন।

অনিয়মের অভিযোগে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষকে তিন ঘণ্টা তাঁর কার্যালয়ের কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখেন। গতকাল এ নিয়ে প্রথম আলোয় ‘শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট: অনিয়মের অভিযোগে অধ্যক্ষের অপসারণ দাবি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।