শেরপুর পৌর শহরে জলাবদ্ধতা নিয়ে দুর্ভোগে ১৬ মহল্লাবাসী

বগুড়ার শেরপুর পৌর শহরের নালাগুলো দিয়ে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। একটু ভারী বৃষ্টি হলেই সড়কে জমা নোংরা পানি ঢুকে পড়ে রাস্তাসংলগ্ন বিভিন্ন বাড়ি ও দোকানপাটের ভেতর। শহরের ১৬টি মহল্লার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন।
মহল্লাগুলোর মধ্যে রয়েছে জগন্নাথপাড়া, বসাকপাড়া, মুন্সিপাড়া, সরদারপাড়া, দত্তপাড়া, উলিপুর, কলেজ রোড, প্রফেসরপাড়া, দাড়কিপাড়া, টাউন কলোনি, হাসপাতাল রোড, রামচন্দ্রপুর পাড়া, সান্যালপাড়া, রেজিস্ট্রি অফিস মোড়, বারোদুয়ারীপাড়া ও খন্দকারপাড়া।
মহল্লাবাসীর অভিযোগ, তাঁরা ১০-১২ বছর ধরে এ সমস্যায় ভুগছেন। এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী বিভাগে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি।
গত শুক্রবার সরেজমিনে ওই সব মহল্লা ঘুরে দেখা গেছে, পানিনিষ্কাশনের জন্য যেসব নালা তৈরি করা হয়েছে, সেগুলোর গভীরতা কম। তার ওপর নালাগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টিতে নালা দিয়ে পানি সরতে না পারায় সড়কের ওপর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে।
শহরের রেজিস্ট্রি অফিস মোড়ের তিনজন ব্যবসায়ী বলেন, সড়কের পাশে পানিনিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে গেছে। এ কারণে বৃষ্টির পানি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি করে। জগন্নাথপাড়ার বাসিন্দা লক্ষ্মণ বসাক বলেন, প্রায় ছয় মাস আগে তাঁদের মহল্লার সড়কের দুই পাশে বিশ্বব্যাংকের অর্থায়নে পানিনিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ গভীর ঢালাই নালা তৈরি করেছে। তবু একটু ভারী বৃষ্টি হলে সড়কসহ আশপাশের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে।
উলিপুর মহল্লার বাসিন্দা মো. ইন্না বলেন, ১০-১২ বছর ধরে বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে কমপক্ষে এক শ পরিবার। অনেক সময় এই জলাবদ্ধতা দুই-তিন দিনও থেকে যায়। বসাকপাড়ার উত্তম চক্রবর্তী বলেন, মহল্লায় পানিনিষ্কাশনের নালা মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ নিয়মিত পরিষ্কারও করে না। এ কারণে বৃষ্টিতে সড়কের নোংরা পানি তাঁর শোবার ঘরেও ঢুকে পড়ে। শহরের টাউন কলোনি মহল্লার আবদুর রশিদ ও দাড়কিপাড়া মহল্লার জাহিদুল ইসলাম বলেন, এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্রকৌশলী বিভাগকে এ সমস্যা একাধিকবার জানিয়েছেন। সবাই সমাধানের আশ্বাস দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
শেরপুর পৌরসভার সচিব দিলীপ মহন্ত বলেন, এ পৌরসভায় প্রতিদিন ২২ জন দিনহাজিরা হিসেবে নিয়োজিত শ্রমিক নিয়মিত সড়কের ময়লা-আর্বজনা ও নালাগুলো পরিষ্কার করে থাকেন। পৌর কর্মচারীদের মাধ্যমে ওই সব শ্রমিক পরিচালিত হন। তবে শ্রমিকেরা নালাগুলো নিয়মিত পরিষ্কার করেন কি না, তা তিনি জানেন না।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম বলেন, সড়কে জলাবদ্ধতা নিয়ে তাঁর ওয়ার্ডে বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। এ সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা নিরসনে তিনি প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়েছেন।
শেরপুর পৌরসভার প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সমস্যা নিরসনে শহরের পশ্চিম ও উত্তর এলাকায় একাধিক গভীর নালা তৈরি করা প্রয়োজন। এ ব্যাপারে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
শহরের ওই সব মহল্লায় জলাবদ্ধতা নিয়ে শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার বলেন, যেসব নালা ময়লা-আর্বজনায় ভরাট হয়ে পানিনিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, সেগুলো দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেবেন তিনি।