শেরপুর পৌরসভার অধিকাংশ সড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না করায় শেরপুর পৌরসভার সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলতি বর্ষায় খানাখন্দ ও গর্তে পানি জমে এসব সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুর পৌর এলাকায় পৌরসভা নিয়ন্ত্রিত পাকা সড়ক ৬১ দশমিক ১৩৬ কিলোমিটার এবং কাঁচা ১৮ দশমিক ৬০৮ কিলোমিটার। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগের রয়েছে ১৬ কিলোমিটার সড়ক। পৌরসভার রাস্তাগুলো এমনিতেই সরু। তার ওপর ফুটপাত দখল হওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শহরের বাণিজ্যিক ও বিভিন্ন আবাসিক এলাকার সড়কগুলো খানাখন্দে ভরা। বিভিন্ন স্থানে কার্পেটিংসহ ইটের খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় বহু গর্ত। বর্ষায় গর্তে পানি জমে অনেকটা ডোবায় রূপ নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫-০৬ থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও নর্দমা পুনর্নির্মাণ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণে এক থেকে দুই বছরের মধ্যে সড়কের অবস্থা খারাপ হয়ে যায়।
শহরের ঢাকলহাটি মহল্লার চালকল ও পরিবহন মালিক সুমন সরকার বলেন, শেরপুরের শিল্পাঞ্চল বলে খ্যাত ঢাকলহাটি-শীতলপুর-নওহাটা সড়কের বিভিন্ন স্থানে গর্ত। তাই এ পথে চলাচলকারী যানবাহনের যন্ত্রাংশ প্রায়ই বিকল হয়ে যায়। এতে যানবাহন রক্ষণাবেক্ষণে ব্যয় বেড়েই চলছে।
জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক জহুরুল হক বলেন, শহরের অধিকাংশ রাস্তা ভাঙাচোরা। এসব পথ দিয়ে মুমূর্ষু রোগী নিতে গেলে রোগীর অবস্থা আরও খারাপ হয়।
আবুল কাশেম শেরপুর পৌর শহরের অষ্টমীতলা পুলিশ লাইনস মহল্লার বাসিন্দা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর কর বেড়েছে ঠিকই। কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নতি হয়নি।
ব্যাটারিচালিত ইজিবাইক-চালক আলমগীর হোসেন বলেন, বছর দেড়েক আগে এটিআই মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত সড়কের সংস্কার করা হয়েছিল। এখন এটিআই মোডের বেহাল দশা। গাড়ি চালাতে গেলে উল্টে যাওয়ার আতঙ্কে থাকতে হয়।
শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বলেন, পৌরসভার নিজস্ব আয় থেকে রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামত করা অত্যন্ত কঠিন। তাই চলতি অর্থবছরে (২০১৩-১৪) বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এবং জলবায়ু পরিবর্তনজনিত ট্রাস্ট ফান্ডের (সিসিটিএফ) আওতায় এগুলো মেরামত ও পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আগামী শুকনো মৌসুমেই কাজ শুরু হবে। তিনি আরও বলেন, কয়েকটি সড়কে নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে যাতে কোনো ত্রুটি না হয়, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।