শেরপুর পৌরসভার বেশির ভাগ সড়ক খানাখন্দে ভরা
বগুড়ার প্রথম শ্রেণীর পৌরসভা শেরপুরের রাস্তাঘাট অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব খানাখন্দের মধ্যে ছোট যানবাহন পড়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ার আক্তার হোসেন বলেন, চার-পাঁচ বছর ধরে শহরের সড়কগুলোতে চলাচল করতে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ লোকজন দ্রুত হাসপাতালে নিতে গেলে আরও বেশি দুর্ভোগে পড়তে হয়।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শহরের পাকা সড়কগুলোর বেশির ভাগেরই পিচ ঢালাই নষ্ট হয়ে পাথর ও খোয়া বেরিয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। শহরের উত্তর পাশের ওয়ার্ডগুলোতে সড়কের অবকাঠামোই ভেঙে পড়েছে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, পাঁচ বছর ধরে এই অবস্থার সৃষ্টি হয়েছে।শেরপুর পৌরসভার প্রকৌশল অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শহরের নয়টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় মোট প্রায় ২৬ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে সাড়ে ১০ কিলোমিটার পাকা সড়ক এবং সাড়ে চার কিলোমিটার ইট বিছানো। এ ছাড়া বাকি ১১ কিলোমিটার কাঁচা সড়ক। শহরের রাস্তাঘাট উন্নয়নের জন্য গত তিন অর্থবছরে সরকারি উন্নয়ন বরাদ্দ থেকে মোট এক কোটি ৯১ লাখ টাকা পাওয়া গেছে।পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম বলেন, এই বরাদ্দ চাহিদার মাত্র ৫ শতাংশ। বর্তমানে শুধু পাকা সড়কগুলো সংস্কারের জন্য প্রায় ১০ কোটি টাকা দরকার। দ্রুত সংস্কার করা না হলে সড়কের যে অংশ ভালো রয়েছে, তাও শেষ হয়ে যাবে। তখন নতুন করে সড়ক নির্মাণ করতে হবে।রিকশাচালক জাহিদুল ইসলাম জানান, রিকশা চালানোর সময় প্রায়ই সড়কের গর্তের মধ্যে পড়ে রিকশা উল্টে যায়। এতে রিকশাচালকসহ যাত্রীরাও আহত হন। পৌরসভার সচিব দিলীপ কুমার মহন্ত জানান, পৌর পরিষদের নিজস্ব আয় থেকে প্রতিবছরই সীমিত পরিসরে কিছু কিছু সড়ক সংস্কার করা হয়। কিন্তু শহরের বিশাল এলাকাজুড়ে সড়কগুলো সংস্কার করা সম্ভব হয় না। মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, ‘সড়কগুলো সংস্কারের প্রয়োজনীয়তার কথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং যোগাযোগও রক্ষা করে যাচ্ছি। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সড়কগুলো সংস্কার শুরু হবে।’