শেরপুর মহাসড়কে রাতে মাদকদ্রব্য খালাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের বিভিন্ন স্থানে রাতে যানবাহন থেকে মাদকদ্রব্য খালাস করা হচ্ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মাদক ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার কয়েকটি স্থানে রাতে এনে তা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত তিন মাসে এ প্রবণতা বেড়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোনায়েন জানান, উপজেলার বিভিন্ন স্থানে যানবাহন থেকে মাদকদ্রব্য খালাসের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় একাধিকবার আলোচনা হলেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, ৪ এপ্রিল রাত ১২টার দিকে শহরের মহিলা কলেজের সামনে মহাসড়কের গতিরোধকের সামনে একটি ট্রাক থেকে দুই ব্যক্তি দুটি বস্তায় করে মাদকদ্রব্য নামালে তাৎক্ষণিক প্রতিপক্ষের লোকজন দুটি মোটরসাইকেলে করে এসে তা ছিনিয়ে নিতে আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।স্থানীয় লোকজন জানান, উপজেলার মহাসড়ক এলাকার দশমাইল, মহিপুর, শহরের মহিলা কলেজের সামনে, ধুনট রোড, শেরুয়া মৎস্য খামার এলাকা, মির্জাপুর রানীরহাট মোড় ও ধনকুণ্ডি এলাকায় ঢাকাগামী ট্রাক ও যাত্রীবাহী বাস থেকে রাত নয়টার পর থেকে ভোর রাতের মধ্যে ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক নামানো হয়। এ প্রসঙ্গে টাউন পুলিশ ফাঁড়ির এএসআই টিপু সুলতান জানান, এমন ঘটনা তাঁর জানা নেই। দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সুপারভাইজার মো. রিপন জানান, মাদকব্যবসায়ীরা আগেই সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে মজুত করে জয়পুরহাটের কালাই, কিচক, আমতলী, পাঁচশিরা ও বটতলী এলাকায় এনে রাখেন। পরে এসব স্থান থেকে সুবিধামতো সময়ে যাত্রীবাহী বাস ও ট্রাকে করে গন্তব্যে নিয়ে যান। তিনি দাবি করেন, রাতে মহাসড়কের জয়পুরহাটের পর যানবাহনে পুলিশি কোনো তল্লাশি না থাকায় মাদকব্যবসায়ীরা নিরাপদেই এসব নিয়ে যাচ্ছেন। শেরপুরের দশমাইল এলাকার আলতাব হোসেন জানান, দশমাইল এলাকায় বিভিন্ন যান থেকে মাদকদ্রব্য নামানোর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এর সঙ্গে স্থানীয় উচ্ছৃঙ্খল কিছু যুবক জড়িত থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিগত সময়ে উল্লিখিত এলাকাগুলো থেকে মাদকদ্রব্য উদ্ধারের কোনো তথ্য থানায় নেই। এ জন্য স্থানগুলো পুলিশের তালিকায় চিহ্নিত হয়নি। এ কারণে কারও নজরেও আসেনি। এখন থেকে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।