শেরপুর সড়কের পাশে বর্জ্য, অতিষ্ঠ পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় দশক ধরে শেরপুর পৌরসভার সব আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে শেরপুর-ঢাকা মহাসড়কের পাশের ‘আমনকূড়া’ বিলে। ফলে বিলটি ভরাট হয়ে যাচ্ছে। পাশাপাশি বিল থেকে আসা বর্জ্যের দুর্গন্ধে কষ্ট পাচ্ছেন পৌরসভার বাসিন্দারা। দুর্গন্ধের বিষয়টিই এখন পৌর শহরের প্রধান সমস্যা।
পৌরসভার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে ফেলে রাখা আবর্জনা ও বর্জ্য পৌরসভার ট্রাক ও ভ্রাম্যমাণ ভ্যান দিয়ে সংগ্রহ করে তা শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে গৃদানারায়ণপুর এলাকার আমনকূড়া বিলে ফেলা হয়। এই বিলটি শহরের পানিনিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দেড় দশক ধরে শহরের বর্জ্য ফেলায় বিলটি ভরাট হয়ে যাচ্ছে এবং পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবে পানি সরে না যাওয়ায় গৃদানারায়ণপুর, নবীনগর, চকপাঠক, রাজবল্লভপুর, মাধবপুর মহল্লাসহ শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পৌরবাসী চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন। সেই সঙ্গে বর্জ্য থেকে আসা দুর্গন্ধে বিলের আশপাশের বাড়িঘরের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।
আমনকূড়া বিলসংলগ্ন স্থানে শেরপুরের জেলা ও দায়রা জজ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনসহ পৌর পার্ক, পৌর ক্লাব, টেনিস ক্লাব, পৌর হকার্স মার্কেট, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর রয়েছে।
৫ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, পৌরসভার ট্রাক থেকে বিপুল পরিমাণ বর্জ্য বিলে ফেলা হচ্ছে। এতে বিলের অধিকাংশ অংশ ভরাট হয়ে গেছে।
বিলসংলগ্ন পৌর হকার্স মার্কেটের হোটেল ব্যবসায়ী মো. আবদুল মমিন প্রথম আলোকে বলেন, ১২-১৩ বছর আগে পৌরসভা থেকে ইজারা নিয়ে তিনি এখানে হোটেল দিয়েছেন। শ্রমিকেরা হোটেলে খেতে আসেন। কিন্তু আবর্জনার দুর্গন্ধে তাঁরা এখন না খেয়েই চলে যান। পৌরসভার লোকজন এলে ময়লা-আবর্জনা এখানে ফেলতে তিনি নিষেধ করেন। কিন্তু তাঁরা কোনো কথা শোনেন না। এ ব্যাপারে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েও কোনো কাজ হয়নি।
নির্মাণসামগ্রী ব্যবসায়ী মো. বাবুল মিয়া (৪০) বলেন, ‘এখন তো শীতকাল, তাই দুর্গন্ধ কম। কিন্তু বর্ষাকালে যখন এখানে আবর্জনা ফেলা হয়, তখন আবর্জনার পচা পানি সড়কের ওপর এসে পড়ায় দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে।’
পৌর হকার্স মার্কেটের দর্জিবাড়ির মালিক মো. সোহাগ মিয়া বলেন, ‘পৌরসভা থাইকা (থেকে) ইজারা নিয়া এখানে দোকান দিছি। যখন ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাইরায় (বের হয়) তখন কাজ করতে ভীষণ কষ্ট হয়। অনেক সময় দুর্গন্ধে অসহ্য লাগে। তখন জরুরি কাজ ফালাইয়া (ফেলে) দোকান থাইক্যা বাইরাইয়া পড়ি।’
পৌর হকার্স মার্কেটের ব্যবসায়ী ও ওই এলাকার বাসিন্দারা পৌর কর্তৃপক্ষের কাছে আমনকূড়া বিলে বর্জ্য ফেলা বন্ধ করে অনতিবিলম্বে বিলের পানিপ্রবাহ স্বাভাবিক রাখাসহ পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন।
শেরপুরের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর বলেন, সড়কের পাশে গুরুত্বপূর্ণ এলাকায় আমনকূড়া বিলে শহরের বর্জ্য ফেলা হচ্ছে। এতে একদিকে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে অপরদিকে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এটি পৌর শহরের অন্যতম প্রধান সমস্যা।
শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম বলেন, শহরের বর্জ্য অপসারণের জন্য শেরপুর পৌরসভার কোনো ডাম্পিং স্টেশন (বর্জ্য ফেলার কেন্দ্র) নেই। তাই অস্থায়ীভাবে আমনকূড়া বিলে বর্জ্য ফেলা হচ্ছে। এতে এলাকাবাসীর অসুবিধা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে শহরের বাইরে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় জায়গা পাওয়া গেলেই এটি বাস্তবায়ন করা হবে।