শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোটারসংখ্যা তিন লাখ ১৬ হাজার ৭৫৫ জন। ১৪০টি কেন্দ্রে এর ভোট গ্রহণ চলবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে এক হাজার ৬৮০ জন আনসার, এক হাজার ৩০০ পুলিশসহ বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন। সেই সঙ্গে পুলিশের ৩৮টি মোবাইল ফোর্স, ১৫টি স্ট্রাইকিং ফোর্স ও ১৩ জন হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। বিশেষ পরিস্থিতি মোকাবিলায় আরও ১০০ পুলিশ সদস্য রিজার্ভে থাকবেন।
গতকাল বুধবার সকালে শেরপুর পৌর ঈদগাহ মাঠে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, আর্মড পুলিশ ও ব্যাটালিয়ন আনসারদের নিয়ে সমাবেশ করেছেন।
স্থানীয়রা জানান, নির্বাচনের আগ মুহূর্তে গত সোম ও গতকাল মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ) ও বিএনপি-সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং সমর্থকদের মারধর ও হুমকির বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এতে ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারমান পদে কাগজে-কলমে পাঁচজন প্রার্থী থাকলেও ইতিমধ্যেই আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ অবস্থায় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মো. ছানুয়ার হোসেন, জাতীয় পার্টি-সমর্থিত মো. ইলিয়াস উদ্দিন ও বিএনপি-সমর্থিত মো. সিরাজুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।