শেরপুর সদর হাসপাতালে চিকিৎসকসহ নানা সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের ওপর নির্ভরশীল জেলার প্রায় ১৫ লাখ অধিবাসী ও পাশের জামালপুর জেলার বকশীগঞ্জ ও সানন্দবাড়ী উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষ। কিন্তু প্রয়োজনীয়সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তা না থাকায় হাসপাতালের সেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। তার ওপর রয়েছে শয্যা ও ওষুধের সংকট।
এদিকে প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ হাসপাতালটিকে ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ পাঁচ বছরেও তা বাস্তবায়িত হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ রোগী চিকিৎসা নিতে আসে। বহির্বিভাগে রোগী দেখার আটটি কক্ষ থাকলেও চিকিৎসক না থাকায় প্রায় সবগুলো কক্ষই বন্ধ থাকে।
১০০ শয্যার শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে ১৬ জন কর্মরত আছেন। বর্তমানে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) দুটি পদই শূন্য। চারজন চিকিৎসা কর্মকর্তার (এমও) স্থলে মাত্র একজন, তিনজন জরুরি চিকিৎসা কর্মকর্তার (ইএমও) স্থলে একজন ও সহকারী সার্জনের ছয়টি পদের মধ্যে তিনজন কর্মরত রয়েছেন। এ ছাড়া মেডিসিন, নাক কান গলা, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু ও দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এন্ডোক্রাইনোলজিস্ট ও প্যাথলজিস্টও নেই।
হাসপাতালে তিনটি অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে গরিব রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি চিকিৎসাকেন্দ্র থেকে আলট্রাসনোগ্রাম করাতে হয়।
হাসপাতালের অন্তর্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগী ভর্তি থাকে। এ ছাড়া অন্তর্বিভাগের মেঝে ও বারান্দাতেও রোগীদের চিকিৎসা নিতে দেখা যায়। অধিকাংশ রোগীকেই কিছু বড়ি ও ইনজেকশন ছাড়া বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। রোগীদের মধ্যে পরিবেশন করা খাবারও হয় নিম্নমানের। এ ছাড়া সেবিকাস্বল্পতায় রোগীরা যথাযথ সেবা পায় না।
কিছুদিন আগে এক দুপুরে এই প্রতিবেদক হাসপাতালে গেলে সার্জারি ওয়ার্ডে ভর্তি হওয়া জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের শফিকুল ইসলামের (১৯) সঙ্গে কথা হয়। শফিকুল বলেন, ফুটবল খেলার সময় আঘাত পেয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু শয্যা পাচ্ছেন না। পাঁচ দিন ধরে হাসপাতালের বারান্দাতেই তাঁকে চিকিৎসা নিতে হচ্ছে।
শেরপুর সদর উপজেলার চরশেরপুর পূর্বপাড়ার দুখু মিয়া ও শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি গ্রামের মাহমুদুল হাছানও (৩৫) চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের দুর্ভোগের কথা জানান।
জেলা শহরের শীতলপুর মহল্লার হামিদ বেগম, সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের রাবেয়া খাতুন ও মধ্য বয়ড়া গ্রামের আজিম উদ্দিন প্রায় একই ভাষায় বলেন, সকাল ১০টায় হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু চিকিৎসক সংকটের কারণে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা নিতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন জ্যেষ্ঠ সেবিকা জানান, সেবিকা সংকটের কারণে অন্তর্বিভাগের অতিরিক্ত রোগীদের সেবা দিতে তাঁরা হিমশিম খাচ্ছেন।
হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান ১০০ শয্যার জেলা সদর হাসপাতালটিকে ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ পাঁচ বছরেও তা বাস্তবায়িত হয়নি। ফলে শেরপুর জেলাসহ জামালপুরের বকশীগঞ্জ ও সানন্দবাড়ী এবং কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ও ভোগান্তির শিকার হচ্ছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক আ স ম আবদুছ ছামাদ বলেন, অবিলম্বে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদসহ চিকিৎসা কর্মকর্তার পদ পূরণ করা দরকার। এ জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।