শেরপুর সেতু দিয়ে যান চলাচল শুরু
ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভী-বাজার সদর উপজেলার শেরপুর সেতু মেরামতের পর খুলে দেওয়া হয়েছে। সেতুর ভাঙা অংশ মেরামতের জন্য বন্ধ ঘোষণার ১১ দিন পর গতকাল সোমবার সকাল থেকে পুনরায় সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি শেরপুর সেতুর একটি অংশের কংক্রিট ধসে পড়ে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় মেরামতের জন্য গত ৯ জুন সকাল থেকে ২২ জুন পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করে সওজ কর্তৃপক্ষ। এই সময় সিলেটের সঙ্গে সারা দেশের নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখতে বিকল্প হিসেবে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন চলাচল করে। এতে করে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়।
এদিকে মেরামতের কাজ শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত তারিখের দুই দিন আগে গতকাল সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুটি সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঈদের মৌসুমে দ্রুত সময়ে সেতুটি উন্মুক্ত হওয়ায় এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা স্বস্তি ফিরে পেয়েছেন।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় সেতুটি খুলে দেওয়া হয়েছে।’