প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুতে ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতের জন্য গতকাল বৃহস্পতিবার থেকে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। ২২ জুন সকাল ছয়টা পর্যন্ত এটি বন্ধ থাকবে।
গতকাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেট কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বিকল্প হিসেবে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ব্যবহারের জন্য চালক ও যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
সওজ বিভাগ সিলেট সূত্রে জানা যায়, শেরপুর সেতুর একটি অংশের কংক্রিট ধসে পড়েছে। এতে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়েছে। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, কয়েক দিন আগে শেরপুর সেতুটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই জরুরি সংস্কারের জন্য দুই সপ্তাহ এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।