শেরপুরে অকালবন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে ব্রহ্মপুত্র নদে আকস্মিক পানি বাড়ার কারণে সৃষ্ট অকালবন্যায় শেরপুরের তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার রোপা আমন ও সবজির আবাদ বিনষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এতে ক্ষতি হয়েছে ৩৭ কোটি টাকারও বেশি।বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো: শেরপুর সদরের কামারের চর, চরপক্ষিমারী, চরমোচারিয়া, চরশেরপুর, বলাইয়ের চর, কামারিয়া, রৌহা, বেতমারী ঘুঘুরাকান্দি, ভাতশালা ও লছমনপুর; নকলা উপজেলার চন্দ্রকোনা, চরঅষ্টধর, পাঁঠাকাটা ও বানেশ্বরদী এবং শ্রীবরদী উপজেলার ভেলুয়া, খড়িয়া কাজীর চর, গোসাইপুর ও কুড়িকাহনিয়া। বন্যায় এসব ইউনিয়নের ৪৭ হাজার ১৫০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর আকস্মিকভাবে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পায়। এতে সৃষ্ট অকালবন্যায় শেরপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের চার হাজার ৫৩০ হেক্টর জমির রোপা আমন ও এক হাজার ১৬৭ হেক্টর জমির সবজির আবাদ, নকলা উপজেলার চারটি ইউনিয়নের ৬৫০ হেক্টর জমির রোপা আমন ও ১৫০ হেক্টর জমির সবজি আবাদ এবং শ্রীবরদী উপজেলার চারটি ইউনিয়নের ৯০০ হেক্টর জমির রোপা আমন ও ২৫ হেক্টর জমির সবজি আবাদ সম্পূর্ণ বিনষ্ট হয়। এসব ক্ষতিগ্রস্ত জমিতে সম্ভাব্য উৎপাদনের হিসাব ধরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে ৩৭ কোটি দুই লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে রোপা আমনে ১৭ কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকা এবং সবজিতে ১৯ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার ক্ষতি ধরা হয়েছে।সূত্র জানায়, চলতি মৌসুমে শেরপুর জেলার সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ৮৯ হাজার ৮০৫ হেক্টর জমিতে রোপা আমন ও তিন হাজার ৮০০ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছিল। এর মধ্যে বন্যায় তিন উপজেলায় ছয় হাজার ৮০ হেক্টর জমির রোপা আমন ও এক হাজার ৩৪২ হেক্টর জমির সবজি আবাদ বিনষ্ট হয়েছে। তাই চলতি আমন মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে বন্যায় বেগুন, মরিচ, টমেটো, পেঁপে, চিচিঙ্গা, বরবটি, শিম, লাউসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে চড়া মূল্যে সবজি বিক্রি হচ্ছে।৬ ও ৭ অক্টোবর সরেজমিনে গিয়ে বন্যায় আমন ও সবজি আবাদের ক্ষয়ক্ষতির ভয়াবহতার চিত্র দেখা গেছে।শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের কৃষক মো. হাসমত আলী বলেন, বন্যায় তাঁর তিন একর জমির রোপা আমন ও ৩০ শতাংশ জমির সবজি আবাদ বিনষ্ট হয়েছে। সরকারি সহায়তা না পেলে এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। বলাইয়ের চর ইউনিয়নের চরজঙ্গলদী গ্রামের কৃষক মো. রুহুল আমিন (৫০) বলেন, তিনি ৫০ শতাংশ জমিতে হাইব্রিড জাতের টমেটো আবাদ করেছিলেন। কিন্তু আকস্মিক বন্যায় সম্পূর্ণ আবাদ নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবাদের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।সরেজমিন পরিদর্শনের সময় অধিকাংশ কৃষকই বলেছেন, ২০০৭ সালের পর রোপা আমন মৌসুমে বড় ধরনের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হয়নি। ফলে আশাতীত ফলন পেয়েছিলেন তাঁরা। তাই এবারও বিগত বছরগুলোর মতো দ্বিগুণ উৎসাহে আমন ও সবজি আবাদ করেছিলেন। কিন্তু অকালবন্যায় তাঁদের অনেক ক্ষতি হয়েছে। তাঁদের এখন সরকারিভাবে কৃষি পুনর্বাসন সহায়তা প্রয়োজন, যাতে মৌসুমের অবশিষ্ট সময়ে বিকল্প ফসল উৎপাদন করা যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর কার্যালয়ের উপপরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে বন্যায় রোপা আমন ও সবজি আবাদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া আগাম জাতের সরিষা, মাষকলাই, গম, ভুট্টা ও শীতকালীন শাকসবজি আবাদ করে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, অকালবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ-সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।