শেরপুরে অননুমোদিত প্রসবকেন্দ্র সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মর্জিনা বেগম ওরফে পেয়ালা বেগম। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মী। শেরপুর জেলা শহরের শিববাড়ি (পুরাতন গরুহাটি) এলাকায় নিজের বাসাতেই একটি কক্ষে অবৈধভাবে খুলে বসেছিলেন চেম্বার। সেখানে তিনি করাতেন গর্ভপাত ও প্রসব।

অনুমোদন ছাড়া এসব কর্মকাণ্ডের অভিযোগে আজ বৃহস্পতিবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় মর্জিনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা এবং তাঁর চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের শিববাড়ি এলাকায় একটি চেম্বার খুলে মর্জিনা বেগম অনেক দিন ধরে প্রসব ও অবৈধ গর্ভপাতের কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে অভিযোগ পেয়ে আজ নির্বাহী হাকিম মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় আদালত তাঁকে সাজা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করে দেন। মর্জিনা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।