শেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
নালিতাবাড়ীতে সড়ক পরিবহন সমিতির নামে পৃথক সংগঠন করার উদ্যোগ নেওয়ায় শেরপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা ট্রাক মালিক সমিতি যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
শেরপুর বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, নালিতাবাড়ী উপজেলার পরিবহন মালিকেরা সংগঠনের নিয়ম ভঙ্গ করে ‘নালিতাবাড়ী সড়ক পরিবহন সমিতি’ নামে পৃথক একটি সংগঠন করার প্রক্রিয়া চালাচ্ছেন। এতে করে জেলার পরিবহন সেক্টরে অস্থিরতা বাড়বে এবং ‘চেইন অব কমান্ড’ ভেঙে যাবে। তাই তাঁদের (নালিতাবাড়ীর পরিবহন মালিক) এই উদ্যোগের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। গত বুধবার মধ্যরাতে জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দুটি সংগঠনের এক জরুরি সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়।
নালিতাবাড়ী উপজেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাকাম হীরা বলেন, নালিতাবাড়ী থেকে ঢাকায় চলাচলকারী শতাধিক যান শেরপুর সদরের ওপর দিয়ে যাতায়াত করে না। তাই তাঁরা জেলা বাস-কোচ ও ট্রাক মালিক সমিতি থেকে সরে পৃথক সংগঠনের জন্য আবেদন করেছেন।