শেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার বাংলা বাস সার্ভিসসহ বিভিন্ন সার্ভিস থেকে কয়েকজন শ্রমিকনেতার চাঁদাবাজি ও পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লা এবং জেলার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ আছে।
ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ওই ধর্মঘটের ডাক দিয়েছে। গত মঙ্গলবার রাতে পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীমের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রায় এক মাস ধরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকজন শ্রমিকনেতা শেরপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী সোনার বাংলা বাস সার্ভিসসহ বিভিন্ন বাসে চাঁদাবাজি করছেন। এ ছাড়া তাঁরা শেরপুরের পরিবহন খাতে নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করছেন। মাস খানেক আগে এঁদের হাতে সোনার বাংলা বাস সার্ভিসের এক মালিক লাঞ্ছিতও হয়েছেন। এসব ঘটনায় ৪ জুন জেলা ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও তাঁদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা বলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা সোনার বাংলা সার্ভিসের বাসগুলো নবীনগর টার্মিনাল থেকে চালানোর উদ্যোগ নেওয়ায় মালিকপক্ষের কতিপয় নেতার রোষানলে পড়েছেন তিনি। এ জন্য তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা ভিত্তিহীন অভিযোগ করেছেন তাঁরা।
তিনি আরও বলেন, শহরের অষ্টমীতলায় পৌর বাস টার্মিনাল এবং নবীনগর এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল থাকা সত্ত্বেও মালিক সমিতির নেতারা শহরের গৌরীপুর এলাকার লোকাল বাসস্ট্যান্ড থেকে জোর করে শেরপুর-ঢাকা সড়কে সোনার বাংলা সার্ভিসের বাসগুলো চালাচ্ছেন। এতে নবীনগর টার্মিনাল থেকে চলাচলকারী ড্রিমল্যান্ড পরিবহন সার্ভিসের বাসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে ভিত্তিহীন অভিযোগের কারণে তাঁর সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান তিনি।
শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, ধর্মঘট নিরসনে জেলা প্রশাসকসহ বাস কোচ মালিক সমিতি ও পরিবহনসংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।