শেরপুরে অনিয়মের অভিযোগ, বাতিল ২১৪০ কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ১২ হাজার হতদরিদ্রের তালিকা থেকে ২ হাজার ১৪০টি কার্ড বাতিল করা হয়েছে। এই চাল বিক্রির সময় স্থানীয় লোকজন তালিকা তৈরি নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন। ২০১১ সালে উপজেলার ১০টি ইউপিতে হতদরিদ্রদের এই তালিকা তৈরি করা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল করা এসব কার্ডের মধ্যে উপজেলার কুসুম্বী ইউনিয়নে ৫৯, গাড়িদহে ২৪৫, খামারকান্দিতে ১৫০, খানপুরে ১৯৩, মির্জাপুরে ২৮১, বিশালপুরে ২১৭, সুঘাটে ১৯৭, সীমাবাড়ীতে ১৮, শাহবন্দেগীতে ৮০ ও ভবানীপুর ইউপিতে ৭০০ কার্ড বাতিল করা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য বলেন, তালিকা অনুযায়ী এই কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল উপজেলার ২০ জন তালিকাভুক্ত ডিলারের মাধ্যমে চলতি বছরের আগস্ট মাস থেকে বিক্রি শুরু হয়। বিক্রির সময় ইউনিয়নের প্রকৃত হতদরিদ্রদের নাম বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিরা এই কার্ড পেয়েছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ তোলেন।
উপজেলার খামারকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব বলেন, তাঁর ইউনিয়নের বাতিল করা ১৫০টি কার্ড যাচাই-বাছাই করে নতুন করে সমসংখ্যক হতদরিদ্রের নামে দেওয়া হয়েছে।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, ২০১১ সালে হতদরিদ্রদের প্রথম তালিকাটি করা হয়েছিল। অনিয়মের অভিযোগ ওঠায় গত দুই মাসে নতুন করে যাচাই-বাছাই হয়েছে। নতুন তালিকায় প্রকৃত হতদরিদ্রদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী চলতি নভেম্বর মাস থেকে চাল বিক্রির পদক্ষেপ নেওয়া হয়েছে। বাতিল করা কার্ডের মধ্যে মৃত ব্যক্তিসহ সচ্ছল, চাকরিজীবী, ইউনিয়নে বসবাস করে না এমন ব্যক্তিরা ছিলেন।