শেরপুরে অপহূত শিশু আশুলিয়ায় উদ্ধার, এক নারী আটক
শেরপুরের নকলা উপজেলার সালকা গ্রামের অপহূত এক শিশুকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গাজীপুর চৌরাস্তা এলাকার বাসিন্দা ও একটি পোশাক কারখানার শ্রমিক ওই নারী গত ২০ অক্টোবর নকলা উপজেলার সালকা গ্রামের আবদুল জলিলের সাড়ে তিন বছরের মেয়ে আকলিমাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। পুলিশ সংশ্লিষ্ট মুঠোফোনের নম্বরের সূত্র ধরে এবং শিশুটির এক আত্মীয়ের সহযোগিতায় তাকে উদ্ধার করে এবং ওই নারীকে আটক করে। প্রথমে ওই নারীকে আশুলিয়া থানা হেফাজতে নেওয়া হয় এবং পরে নকলায় পাঠানো হয়। অপহরণের অভিযোগে আটক ওই নারী বলেন, মাস তিনেক আগে স্বামীর সঙ্গে তিনি সালকা গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে আত্মীয়তার সূত্র ধরে আকলিমার বাবা জলিলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং জলিল তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর স্ত্রী পরিচয় দিয়ে তাঁকে বিভিন্ন স্থানে আটকে রাখেন এবং অনৈতিক কাজ করতে বাধ্য করেন। সেই ক্ষোভেই তিনি সুযোগ বুঝে আকলিমাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন।তবে আকলিমার বাবা আবদুল জলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পর্কে তাঁর শ্যালকের স্ত্রী হন ওই নারী। তিনি জলিলের বাড়িতে বেড়াতে গিয়ে গত ২০ অক্টোবর বিকেলে আকলিমাকে নিয়ে স্থানীয় একটি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এর পর থেকে মুঠোফোনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলেন ওই নারী।