শেরপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার রাতে শেরপুর জেলা শহরের তাজ সিএনজি ফিলিং স্টেশনে একটি লেগুনা গাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লুৎফর রহমান খান (৪৫) নামের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত ও দুজন আহত হয়েছেন।লুৎফর রহমান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার যোগানিয়া গ্রামের মৃত তালেব হোসেন খানের ছেলে। আহত ব্যক্তিরা হলেন তাজ সিএনজি ফিলিং স্টেশনের পাম্প অপারেটর আবদুল খালেক (৩০) ও শহরের নবীনগর মহল্লার মো. মশিউর রহমান (২৫)। মশিউরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি লেগুনা গাড়ি (নম্বর: সিলেট-চ-০২-৩১৩) শেরপুর জেলা শহরের নবীনগর মহল্লার তাজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় লেগুনার গ্যাসের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফিলিং স্টেশনের পাশে থাকা অন্য একটি লেগুনা গাড়ির যাত্রী লুৎফর রহমান খান ঘটনাস্থলেই নিহত হন এবং আবদুল খালেক ও মশিউর রহমান গুরুতর আহত হন। বিস্ফোরণে লেগুনা গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং ফিলিং স্টেশনের নিয়ন সাইনবোর্ড ও চাল উড়ে যায়। ঘটনার পরপরই এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তাজ সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম ও তড়িৎ প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, সম্ভবত লেগুনার গ্যাসের সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ যাওয়ায় এ ধরনের বিস্ফোরণ ঘটেছে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমদ বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।