শেরপুরে অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
শেরপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকার অবহেলায় শিপ্রা রানী দাস (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোর সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
শিপ্রা শেরপুর জেলা শহরের গোপালবাড়ী এলাকার অতুল চন্দ্র দাসের মেয়ে এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী গ্রামের নিবারণ চন্দ্র দাসের স্ত্রী। তাঁর পাঁচ বছরের একটি মেয়ে আছে।
এ ঘটনায় শিপ্রার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট চিকিত্সক ও সেবিকাদের শাস্তি দাবি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে তিন সদস্যবিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করেছেন।
শিপ্রার পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনার পর শিপ্রা রানীকে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) শরিফুল ইসলাম কিছু ওষুধপত্র লিখে দেন। কিন্তু রাতে শিপ্রার অবস্থার অবনতি ঘটলে আত্মীয়স্বজন একাধিকবার ডাকাডাকি করলেও শরিফুল আর লেবার ওয়ার্ডে যাননি। অপরদিকে কর্তব্যরত সেবিকা লুত্ফুন্নেছা ও জমেলাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা ইএমও শরিফুল বা গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসককে ‘কল’ (নিবন্ধন খাতার মাধ্যমে ওয়ার্ডে আসার অনুরোধ) দেননি। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শিপ্রার অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত সেবিকা লুত্ফুন্নেছা তাঁকে (শিপ্রা) একটি ‘ল্যাসিক্স’ ইনজেকশন দেন। এরপর ভোর সোয়া ছয়টার দিকে শিপ্রা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শিপ্রার মা শেফালী রানী দাস ও ছোট বোন আন্না দাস প্রথম আলোকে অভিযোগ করে বলেন, শিপ্রা ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২৫ মে তাঁর প্রসবের সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু তাঁর আগেই প্রসববেদনা উঠলে তাঁকে গতকাল গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা তাঁকে (শিপ্রা) যথাযথ চিকিত্সা বা উন্নত চিকিত্সার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ না দেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
আন্না আরও বলেন, শিপ্রা মারা যাওয়ার পর তাঁর অপ্রাপ্তবয়স্ক ছোট ভাই দেবাশীষ চন্দ্র দাসের কাছ থেকে সেবিকা লুত্ফুন্নেছা হাসপাতালের টিকিটে জোর করে স্বাক্ষর নেন।
শিপ্রার পরিবারের অভিযোগ অস্বীকার করে সেবিকা লুত্ফুন্নেছা প্রথম আলোকে বলেন, কর্তব্যরত চিকিৎসকের পরামর্শক্রমে শিপ্রাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মচিমহা) স্থানান্তরের জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন। সে বিষয়টি অবহিত করার জন্যই তাঁর (দেবাশীষ) কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।
অপরদিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) শরিফুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, রাতে জরুরি বিভাগে আনার পরপরই শিপ্রাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। এরপর রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ার বিষয়টি ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা তাঁকে (শরিফুল) অবহিত করেননি। রোগীর উচ্চ রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে একটি ইনজেকশন দেওয়া হয়। একই সঙ্গে মচিমহায় তাঁকে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। উচ্চ রক্তচাপের কারণে শিপ্রার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র দে জানান, শিপ্রা রানীর মৃত্যুর সঠিক কারণ ও এতে সেবাদানকারীদের কারও কর্তব্যে অবহেলা আছে কি না, তা নির্ণয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা হলেন জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক এম মাহমুদুল ইসলাম সিনহা, নকলা ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের কনিষ্ঠ পরামর্শক আফসানা রওশন ও রেবেকা সুলতানা। সাত দিনের মধ্যে ঘটনাটি তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও তিনি জানান।