দাম কমে যাওয়ায় শেরপুরের বিভিন্ন চালকলে ১০ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল অবিক্রীত অবস্থায় পড়ে আছে। এতে চালকল মালিকেরা বিপাকে পড়েছেন। কেউ কেউ কম দামে লোকসান দিয়ে ওই চাল বিক্রি করছেন। এতে তাঁদের উৎপাদন খরচও উঠছে না।
চালকল মালিকদের অভিযোগ, ভারত থেকে সুগন্ধি চাল আমদানি করায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। এ কারণে দেশীয় চালের দাম অনেক কমে গেছে। এ অবস্থায় চালকল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকারের কাছে ভারত থেকে চাল আমদানি বন্ধ করার দাবি জানিয়েছেন।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেরপুর জেলায় আমন মৌসুমে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে তুলসীমালা, চিনিগুঁড়া, চিনিসাগর, কালজিরা ও রসমালা জাতের সুগন্ধি মিহি (সরু) আতপ ধানের চাষ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়। বাজারে এই চাল পোলাওর চাল হিসেবে বিক্রি করা হয়।
জেলা চালকল মালিক সমিতির নেতা ও ব্যবসায়ীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে জেলার পাঁচটি উপজেলা ছাড়াও ময়মনসিংহের দুর্গাপুর, গৌরীপুর, ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা মণ দরে (৪০ কেজি) সুগন্ধি আতপ ধান ক্রয় করা হয়। ৭০ থেকে ৭৫ কেজি ধানে এক মণ চাল হয়। সে হিসাবে এক মণ চালের উৎপাদন খরচ পড়ে প্রায় ২ হাজার ৪০০ টাকা। কিন্তু ভারত থেকে সুগন্ধি আতপ চাল আমদানি করায় দেশের বিভিন্ন স্থানের বাজারে শেরপুরের চালের চাহিদা কমে যায়। এর প্রভাব পড়ে শেরপুরের বিভিন্ন বাজারেও। এখন স্থানীয় বিভিন্ন বাজারে প্রতি মণ চাল বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ১৫০ টাকায়। ফলে প্রতি মণ চালে ব্যবসায়ীরা আড়াই শ থেকে তিন শ টাকা লোকসান দিচ্ছেন।
কয়েকজন চালকল মালিক জানান, ভারত থেকে আমদানি করা প্রতি কেজি চাল ৫৫ টাকায় দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজির পাইকারি দামই হচ্ছে ৬০ টাকা। এ কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা দেশি চালের বদলে ভারতীয় চাল কিনছেন।
গত ২৯ ও ৩০ জুলাই শেরপুর জেলা শহরের ঢাকলহাটি, শীতলপুর, দীঘারপাড় ও কান্দাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, এসব এলাকার চালকলের গুদামে বিপুল পরিমাণ সুগন্ধি আতপ চাল অবিক্রীত অবস্থায় পড়ে আছে। গুদামে বস্তাগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা রয়েছে।
ঢাকলহাটি এলাকার লোকনাথ অটো রাইসমিলের মালিক গৌতম চন্দ্র সাহা বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সুগন্ধি চালের সবচেয়ে বড় আড়ত শেরপুরে। জেলার শতাধিক চালকল মালিক রাজধানী ঢাকার চাহিদার অর্ধেক চাল এ জেলা থেকে সরবরাহ করে থাকেন। কিন্তু এ বছর সুগন্ধি চালের চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। বর্তমানে তাঁর (গৌতম) চালকলে উৎপাদিত সাত হাজার মণ সুগন্ধি আতপ চাল অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। চলতি মৌসুমে মণপ্রতি তিন শ টাকা লোকসান দিয়ে কিছু চাল বিক্রি করেছেন। ভারত থেকে চাল আমদানির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
কামাল অটো রাইসমিলের মালিক মো. কাসেম মোল্লা বলেন, বর্তমানে তাঁর মিলে ১০ হাজার মণ সুগন্ধি আতপ চাল অবিক্রীত পড়ে আছে। ভারতীয় চাল অবাধে আমদানির ফলে ঢাকার আড়তে শেরপুরের চালের চাহিদা কমে গেছে। তাই অনেকেই চাল কিনছেন না।
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন প্রথম আলোকে বলেন, জেলার অনেক চালকল মালিক এবং চাল ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে সুগন্ধি আতপ ধান কিনে চাল তৈরি করে গুদামজাত করে রাখেন। গুদামজাত করার কিছুদিন পরই আতপ চালের বাজারে মন্দা দেখা দেয়। এতে ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বলেন, দেশে খাদ্য উৎপাদন বেড়েছে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু ভারত থেকে সুগন্ধি চালসহ বিভিন্ন ধরনের চাল আমদানি করায় শেরপুরে উৎপাদিত এ ধরনের উচ্চমানের চালের দাম ব্যাপক হারে কমে গেছে।
শেরপুরের ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক একরামুল হক ভূঁইয়া ৩০ জুলাই প্রথম আলোকে বলেন, ভারত থেকে চাল আমদানির বিষয়টি সম্পূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। স্থানীয়ভাবে খাদ্য বিভাগের কিছু করণীয় নেই। তবে চালকল মালিকেরা এ ব্যাপারে আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।