শেরপুরে অরাজক অবস্থা বিরাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সরকারি দলের হুইপ আতিউর রহমান অভিযোগ করেছেন, তাঁর এলাকা শেরপুরে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এ জন্য তিনি স্থানীয় প্রশাসন ও নিজ দলের নেতাদের দায়ী করেছেন।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় হুইপ আতিউর এ অভিযোগ করেন।
আতিউর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে প্রধানমন্ত্রীর মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক। কিন্তু নির্বাচনে জয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী হুরমায়ূন কবীর। তিনি জেতার পরে শেরপুরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
হুইপ বলেন, ‘প্রশাসনের ছত্রচ্ছায়ায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষকে হুমকি দেওয়া হয়েছে। টেবিলে অস্ত্র রেখে জেলা সিভিল সার্জনকে দিয়ে অবৈধ কাগজে সই করানো হয়েছে। আমার এলাকার একজন চেয়ারম্যানকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। একটি কলেজের অধ্যক্ষকে ধরে নিয়ে তাঁর কাছ থেকে অফিসের চাবি ছিনিয়ে নিয়ে অন্য একজনকে কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষকে পিটিয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এর বিরুদ্ধে সারা শেরপুরে মানববন্ধন হয়েছে। কিন্তু প্রশাসন থেকে কোনো সুরাহা পাচ্ছি না। জেলা প্রশাসকের ছত্রচ্ছায়ায় এই অদৃশ্য শক্তি শেরপুরকে অশান্ত করে তুলেছে।’
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে আতিউর রহমান বলেন, শেরপুরের মানুষের দাবি, সন্ত্রাসী যেই হোক তার বিচার করতে হবে। সন্ত্রাসীর কোনো দল নেই। সন্ত্রাসীকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
পরে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, ‘আমার মনে হয় এটা সরকারের ব্যর্থতা। এ রকম অরাজকতার শিকার যদি সরকারি কোনো ব্যক্তি, বিশেষ করে সংসদের হুইপ হন, তাহলে আমাদের অবস্থা কী হবে?’ তিনি এ বিষয়ে সরকার অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।
এদিকে শেরপুরের জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সে ধরনের কোনো বিষয়ে তিনি সম্পৃক্ত নন। এই বিষয়ে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুসমায়ূন কবীরের বক্তব্য জানতে বেশ কয়েকবার তাঁকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।