শেরপুরে অস্ত্র আইনে বিএনপি নেতার ১৮ বছরের কারাদণ্ড
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক ওরফে শিবলুকে (৪৫) অস্ত্র আইনের একটি মামলায় ১৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলম গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দণ্ড দেন। দণ্ড পাওয়া মোকছেদুল হক নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারের মৃত সিরাজুল হকের ছেলে। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন।আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, চলতি বছরের ২১ মে শেরপুর সদর থানার একটি অপহরণ মামলায় গ্রেপ্তার মোকছেদুল হক পুলিশি রিমান্ডে থাকাবস্থায় পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন যে, তাঁর হেফাজতে একটি রিভলবার আছে। মোকছেদুলের দেওয়া এ তথ্যমতে শেরপুর সদর থানার পুলিশ ওই দিনই তাঁকে নিয়ে তাঁর নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারের বাড়িতে যায়। এ সময় পুলিশ মোকছেদুলের বসতঘরসংলগ্ন কলাগাছের গোড়ার মাটি খুঁড়ে পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করে।