শেরপুরে অস্ত্র উদ্ধারে খুশি ত্রিপুরার পুলিশ
বাংলাদেশের শেরপুরে ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় খুশি ভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ।
বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটির পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) সৌরভ ত্রিপাঠী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামের উলফার সঙ্গেই ত্রিপুরার অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) সন্ত্রাসবাদীরাও বাংলাদেশের জঙ্গলে লুকিয়ে ছিল। এখনো তাদের ব্যবহৃত বহু অস্ত্র সেখানে রয়েছে।
বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সেই অস্ত্রের একটা বড় অংশ উদ্ধার করায় ত্রিপুরার আইজিপি (ইন্টেলিজেন্স) সন্তোষ প্রকাশ করে বলেন, সন্ত্রাসবাদীরা শুধু ভারতেরই নয়, মানবসভ্যতারই শত্রু। তাদের বিনাশ করা জরুরি।
অন্যদিকে ভারতের একমাত্র কমিউনিস্টশাসিত রাজ্যের ক্ষমতাসীন দলের মুখপাত্র গৌতম দাশ প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান আরও আগেই শুরু করা উচিত ছিল।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রায়ই অভিযোগ করেন, রাজ্যের সন্ত্রাসীরা এখনো বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে ড্রাম বোঝাই বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব। পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি চ্যাংবের টিলা এলাকায় গত রোববার রাত দুইটা থেকে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।