শেরপুরে অ্যাসিডদগ্ধ নারীকে প্রথম আলো ট্রাস্টের সহায়তা

শেরপুরে অ্যাসিড সন্ত্রাসের শিকার তাহেরা বেগমকে প্রথম আলো ট্রাস্টের অধীনে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিল থেকে ৫০ হাজার টাকার পরিবার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁকে এ সঞ্চয়পত্র তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রথম আলো কেবল একটি জনপ্রিয় সংবাদপত্রই নয়, এটি এখন একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সৎ, নির্ভীক, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পত্রিকাটি তার নিজস্ব বৈশিষ্ট্য গড়ে তুলেছে। এরই ধারাবাহিকতায় প্রথম আলোর পক্ষ থেকে আজ অ্যাসিড সন্ত্রাসের শিকার তাহেরাকে ৫০ হাজার টাকার পরিবার সঞ্চয়পত্র প্রদান করা হলো। এই টাকা থেকে প্রাপ্ত মুনাফা তাহেরার আর্থিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল বলেন, অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের মাধ্যমে এ পর্যন্ত ২৯৫ জন নারীকে পুনর্বাসন করা হয়েছে।
সঞ্চয়পত্র পেয়ে উচ্ছ্বসিত তাহেরা প্রথম আলো কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই টেকা আমার সংসার চালাইতে ও পোলাপানগর (ছেলেদের) লেখাপড়া করণে অনেক সাহায্য করবো।’
জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালের ৪ এপ্রিল রাতে প্রতিপক্ষের লোকজন শেরপুর জেলা সদরের রৌহা ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের আবদুর রহিমের স্ত্রী তাহেরা বেগমের (৩০) ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাঁর মুখ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়।