শেরপুরে আ.লীগ নেতার সেই বাঁধ অপসারণ করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙ্গালী নদীর শাখায় অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করায় বগুড়ার শেরপুর উপজেলার কয়েকটি গ্রামে বসতভিটা ও তিন ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে এলাকার লোকজনকে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।
ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক ও তাঁর সমর্থকেরা ওই স্থানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই মাস আগে জেলা প্রশাসক ওই বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজও তা অপসারণ করা হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার গোপালপুর মৌজা ও ধুনট উপজেলার আরাজি বিলচাপড়ী মৌজার উত্তর সীমানা দিয়ে বাঙ্গালী নদী বিভক্ত হয়ে ধুনটের বিলচাপড়ী মৌজা দিয়ে এর একটি এবং শেরপুরের গোপালপুর ও চৌবাড়িয়া মৌজায় আরেকটি শাখা দিয়ে বথুয়াবাড়ী মৌজায় গিয়ে মূল নদীতে গিয়ে পড়েছে। ছয় মাস আগে ধুনটে শাখা নদীর এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে যায়। ফলে এ পানি শেরপুরের প্রায় চার-পাঁচ কিলোমিটার এলাকা দিয়ে প্রবাহিত হয়ে মূল নদীতে পড়ছে। এতে পানির চাপ ও তীব্র স্রোতের কারণে শেরপুরের বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে।
ক্ষতিগ্রস্ত লোকজন অভিযোগ করেন, বাঁধের কারণে উপজেলার শালফা, চৌবাড়িয়া, বরইতলী ও বথুয়াবাড়ী গ্রামের অর্ধশত পরিবারের বসতভিটা এবং ২০০ বিঘা তিন ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া আরও ৩০০ বিঘা জমি নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এ ভাঙন এক-দুই সপ্তাহ অব্যাহত থাকলে শেরপুর-ধুনট সড়ক ও নবনির্মিত বথুয়াবাড়ী সেতু হুমকির মুখে পড়বে। জলাবদ্ধতার কারণে বরইতলী, শালফা ও গজারিয়া গ্রামের প্রায় এক হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে।
চৌবাড়িয়া গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, এখন তাঁদের প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে। কখন বুঝি কার জমি হারিয়ে যায়। চৌবাড়িয়া গ্রামের রুবেল আহমেঞ্চদ বলেন, অবৈধ বাঁধ অপসারণের জন্য তাঁরা উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয় থেকে এ বাঁধ যাঁরা দিয়েছেন, তাঁদের ১ অক্টোবর থেকে ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজও তা অপসারণ করা হয়নি।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান জানান, বাঁধ অপসারণ না করার বিষয়টি তিনি গত বুধবার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছেন।
আমাদের ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, গত ১৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ আ.লীগ নেতার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই দিনই বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী ইকবাল কবির তিন দিনের মধ্যে নদী থেকে বাঁধ অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ ও বন, পানিসম্পদ, ভূমি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নোটিশ পাঠান। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাঁধ অপসারণ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ধুনটের ইউএনওকে নির্দেশ দেন। কিন্তু ইউএনও কোনো ব্যবস্থা নেননি। ।
আওয়ামী লীগ নেতা এম এ তারেক বলেন, ‘তিনটি গ্রামের মানুষ ভাঙন থেকে জমি রক্ষা করতে নিজেদের উদ্যোগে আড়িয়ামারা খালে বাঁধ নির্মাণ করেছে। আমি এ বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত নই।’
ধুনটের ইউএনও হাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।