শেরপুরে আ.লীগের সম্মেলনে হামলা ভাঙচুর
বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক পদের প্রার্থী হতে না দেওয়ায় এক নেতার সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের মহিলা ডিগ্রি কলেজ চত্বরে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ‘উপজেলা যুবলীগের আহ্বায়ক বদরুল ইসলাম এখনো আওয়ামী লীগের সদস্য পদ পাননি। তাই সাংগঠনিক বিধিমালা অনুযায়ী বদরুল আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন না। এতে বদরুলের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে কাউন্সিল চলাকালে হামলা চালায় ও চেয়ার ভাঙচুর করেন।’তবে বদরুল ইসলাম দাবি করেন, তিনি আওয়ামী লীগের বৈধ সদস্য। সংগঠনকে কুক্ষিগত করতে তাঁকে পরিকল্পিতভাবে দলীয় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে।সম্মেলনের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় উপজেলার ১১টি সাংগঠনিক কমিটির কাউন্সিলররা গোপন ব্যালটে ভোট দেন। তাঁদের ভোটে সভাপতি পদে আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব পুনর্নির্বাচিত হন।