শেরপুরে আদালত চত্বরে যুবদল-ছাত্রদল হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল বুধবার শেরপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।দ্রুত বিচার আইনের দুটি পৃথক মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাসহ যুবদল ও ছাত্রদলের ১২ নেতা-কর্মীকে আটক করেছে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের দুটি পৃথক মামলায় হাজিরা দেওয়ার জন্য যুবদল ও ছাত্রদলের ৩৭ নেতা-কর্মী গতকাল দুপুর ১২টার দিকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে জড়ো হন। এ সময় তাঁদের সঙ্গে আরও অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা হাজিরা দেওয়ার জন্য মুখ্য বিচারিক হাকিমের আদালতে ঢোকার সময় শেরপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক ও শহর বিএনপির সভাপতি ফজলুর রহমানের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও জেলা যুবদলের সদস্য এনামুল হকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপির ওই দুই নেতার সঙ্গে অশোভন আচরণ করা হয়। এতে ঘটনাস্থলে উপস্থিত যুবদল ও ছাত্রদল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। পরে পুলিশ ফজলুল হক, ফজলুর রহমান, সেলিম শাহী, আক্রামুজ্জামান, মফিজুল ইসলাম মোল্লা, রফিকুল ইসলাম, কামাল হোসেন, মাহবুব আলম, রেজাউল করিম, এনামুল হক, রেজাউল করিম ও সাইফুল ইসলামকে আটক করে।শহর বিএনপির সভাপতি ফজলুর রহমান বলেন, এর সঙ্গে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা সংশ্লিষ্টতা নেই।