শেরপুরে আদালত ভবন নির্মাণ নিয়ে অনিশ্চয়তা
স্থান নির্বাচন নিয়ে জেলা প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী সমিতি ও গণপূর্ত বিভাগের সমন্বয়হীনতার কারণে শেরপুরে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে এজলাস সংকটসহ নানা সমস্যায় বিচারক, আইনজীবী ও বিচার-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, বিচার বিভাগ পৃথক্করণের পর গণপূর্ত বিভাগের অধীনে বৃহত্তর জেলাগুলোতে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে দুটি পর্যায়ে অবশিষ্ট জেলাগুলোতে এ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু শেরপুরে এ আদালত ভবন নির্মাণে এখন পর্যন্ত স্থান নির্বাচন চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী সমিতি ও গণপূর্ত বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে স্থান নির্বাচন নিয়ে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।শেরপুর গণপূর্ত বিভাগ সূত্র জানায়, মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের জন্য জেলা জজশিপ ও আইনজীবী সমিতির পছন্দ শেরপুর কালেক্টরেট ভবনে অবস্থিত মসজিদের দক্ষিণ পাশের এক দশমিক ১৪ একর জায়গা। কিন্তু জেলা প্রশাসন ওই জায়গা হাতছাড়া করতে নারাজ। জেলা প্রশাসন শহরের মাধবপুর এলাকায় জেলা শিল্পকলা একাডেমীর পুব পাশের পুরোনো দেওয়ানি আদালত ভবনের প্রায় তিন একর জমিতে ভবন নির্মাণের পক্ষে।শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া বলেন, আদালত ভবন নির্মাণে উদ্ভূত জটিলতা নিরসনে গত ২২ জুলাই জেলা ও দায়রা জজ মো. মুরশিদ আলমের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় জেলা জজশিপ, জেলা আইনজীবী সমিতি ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা আইনজীবী ও বিচারকদের প্রস্তাবিত স্থানে ভবন নির্মাণের বিষয়ে একমত হন। তবে সভায় উপস্থিত অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. আকবর আলী জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মতামত দেওয়ার কথা বলেন। কিন্তু এক মাস পার হলেও জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো মতামত দেওয়া হয়নি। তিনি আরও বলেন, জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে দেড় কিলোমিটার দূরে পুরোনো দেওয়ানি আদালতের জায়গায় এ ভবন নির্মিত হলে সবার দুর্ভোগ বাড়বে এবং বিচারকদের নিরাপত্তার অভাব দেখা দেবে।এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বলেন, মন্ত্রণালয় থেকে কালেক্টরেট ভবন চত্বরে আদালত ভবন নির্মাণের ব্যাপারে কোনো নির্দেশনা তাঁরা পাননি। তবে স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান শিল্পকলা একাডেমীর পাশের পুরোনো দেওয়ানি আদালত এলাকায় ভবনটি নির্মাণের পরামর্শ দিয়েছেন। তাঁর পরামর্শের সঙ্গে তাঁরাও একমত।শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শওকত আলী বলেন, আদালত ভবন নির্মাণের স্থান নির্বাচনে তাঁদের কোনো ভূমিকা নেই। বিচার বিভাগ যেখানে স্থান নির্বাচন করে দেবেন সেখানেই ভবন নির্মাণ করা হবে। আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে মুখ্য বিচারিক হাকিমের আদালতের কার্যক্রম শুরু হয়। ভবনের সাতটি এজলাসের মধ্যে তিনটিতে জেলা জজশিপের অধীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা জজ ও জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের কার্যক্রম এবং অপর চারটিতে মুখ্য বিচারিক হাকিম ও তাঁর অধীন আদালতের কার্যক্রম চলছে। কিন্তু এ ভবনের এজলাসগুলোতে স্থান-সংকুলান না হওয়ায় সংশ্লিষ্ট সবাই চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিচার কার্যক্রম চলাকালে অধিকাংশ সময়ই আইনজীবীদের দাঁড়িয়ে থাকতে ও আইনজীবী সহকারীদের এজলাসের বাইরে অবস্থান করতে হয়।