শেরপুরে আদালত ভবন নির্মাণে আইনমন্ত্রীর আশ্বাস
শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার অবসান ও দ্রুত আদালত ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন আইন ও বিচারমন্ত্রী শফিক আহমেদ।শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করলে মন্ত্রী এ আশ্বাস দেন।গোলাম কিবরিয়া গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রথম আলোয় প্রকাশিত ‘শেরপুরে আদালত ভবন নির্মাণ নিয়ে অনিশ্চয়তা’ শীর্ষক প্রতিবেদনটি আইন ও বিচারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আইনমন্ত্রী ভবন নির্মাণের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।শেরপুরের বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীরা আশা করছেন, স্থান নির্বাচন নিয়ে জেলা প্রশাসন বিচার বিভাগ, আইনজীবী সমিতি ও গণপূর্ত বিভাগের সঙ্গে একমত হয়ে শেরপুরে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের কাজে সহযোগিতা করবেন।