শেরপুরে আদিবাসী কিশোরীকে ধর্ষণ, একজন আটক
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে ১৩ বছর বয়সী এক আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। পুলিশ রোববার রাতে ঝানিক সিং (৩০) নামের এক তরুণকে আটক করেছে।
কিশোরীকে অসুস্থ অবস্থায় রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম চৌধুরী জানান, ধর্ষণজনিত ঘটনায় মেয়েটিকে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কিশোরী জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ভবানীপুরের শিখর গ্রামের লাবলু সিং (২৮) তাকে মুখ চেপে ধরে আমবাগানে নিয়ে যান। সেখানে ঝানিক সিং ও মো. আফতান (৩৮) ছিলেন। এরপর তাঁরা তাকে গলায় চাকু ধরে ধর্ষণ করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, উল্লিখিত তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে মেয়েটি জানিয়েছে। আটকের পর ঝানিক পুলিশের কাছে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তবে লাবলু ওই রাতে মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন বলে তিনি শুনেছেন।
কিশোরীর মা অভিযোগ করেন, কিছুদিন ধরে লাবলু সিং তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন।
তিনি জানান, ওই রাতে মেয়ে বাইরে যাওয়ার পর আর ফিরে না আসায় তাঁরা আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁরা তাকে পাননি। পরদিন সকালে মেয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঘটনা খুলে বলে।
কিশোরীর বাবা জানান, তিনি একজন দিনমজুর। অমানবিক ওই ঘটনায় মেয়েটি বাড়িতে অসুস্থ হয়ে পড়লেও টাকার অভাবে তাৎক্ষণিক তিনি মেয়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি।
গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, ওই মেয়ের ওপর এমন অমানুষিক ঘটনা তিনিও শুনেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচারের দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে