শেরপুরে আবার হাতির আক্রমণ, বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী সীমান্তে এবার বন্য হাতির আক্রমণে ইয়ার আলী (৬৫) নামের একজন নিহত হয়েছেন।
ইয়ার আলী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের খাড়ামুরা গ্রামের মুদি দোকানি ছিলেন। গত সোমবার রাতে সীমান্তঘেঁষা বালিজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ নিয়ে গত চার মাসে বন্য হাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে ১১ ব্যক্তি নিহত হলেন।
উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন যাবৎ একদল বন্য হাতি শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ী ও খাড়ামুরা গ্রামে অবস্থান করছে।
এ দলেরই একটি হাতি গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন খাড়ামুরা গ্রামে আক্রমণ করে। এ সময় নিজের মুদি দোকানে বসে থাকা ইয়ার আলীকে হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
বন বিভাগ, বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম হাতির আক্রমণে ইয়ার আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই এলাকায় হাতি-আতঙ্ক বিরাজ করছে।
তারিকুল ইসলাম জানান, বিপুলসংখ্যক মানুষ হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।
শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মানুযায়ী অর্থ সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।